Recents in Beach

ব্রেকিং নিউজ

কক্সবাজার সীমান্তে ৮০ হাজার ইয়াবাসহ রোহিঙ্গা যুবক আটক

সিবি ডেক্স: কক্সবাজার সীমান্তে মাদকবিরোধী অভিযানে আবারও বিপুল পরিমাণ ইয়াবা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) রাতে উখিয়ার তুমব্রু সীমান্তের পশ্চিমকুল এলাকা থেকে ৮০ হাজার ইয়াবাসহ মো. আলম (৩০) নামে এক রোহিঙ্গা যুবককে আটক করা হয়। তিনি এফডিএমএন ক্যাম্প-২ (ইস্ট), ব্লক-এ-এর বাসিন্দা।

বিজিবি জানায়, রাত আনুমানিক ২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। মিয়ানমারের দিক থেকে কয়েকজন ব্যক্তি সীমান্ত অতিক্রমের চেষ্টা করলে বিজিবি টহলদল তাদের আটকাতে যায়। টহলদলের উপস্থিতি টের পেয়ে মাদক কারবারিরা ব্যাগ ফেলে পালিয়ে যায়। তবে মো. আলমকে ইয়াবাসহ আটক করা সম্ভব হয়।

কক্সবাজার ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলম পিএসসি বলেন, আটক আসামিকে ইয়াবাসহ প্রচলিত আইনে মামলা দিয়ে পুলিশের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। পালিয়ে যাওয়া মাদক কারবারিদের শনাক্তে গোয়েন্দা নজরদারি আরও জোরদার করা হয়েছে।

তিনি আরও বলেন, বিজিবি শুধু সীমান্ত পাহারাই নয়, মাদক ও চোরাচালান প্রতিরোধেও সমানভাবে প্রতিশ্রুতিবদ্ধ। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

রামু সেক্টরের অধীনস্থ কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) দীর্ঘদিন ধরে সীমান্ত সুরক্ষা ও মাদকবিরোধী অভিযানে ধারাবাহিক সাফল্য অর্জন করে আসছে। এসব অভিযানে স্থানীয়দের আস্থা ও স্বস্তি ফিরেছে।

Post a Comment

0 Comments