Recents in Beach

ব্রেকিং নিউজ

ঢাকায় পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী, বিএনপি-জামায়াত-এনসিপি'র সঙ্গে বৈঠক

সিবি ডেক্স: দুই দিনের দিনের সফরে ঢাকায় এসে রাজনৈতিক ও কূটনৈতিক ব্যস্ততায় সময় কাটাচ্ছেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। শনিবার (২৩ আগস্ট) সন্ধ্যায় তিনি পাকিস্তান হাইকমিশনে ধারাবাহিক বৈঠকে অংশ নেন। এতে বিএনপি, জামায়াতে ইসলামী এবং জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-র শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।

এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী জানান, বৈঠকে দক্ষিণ এশিয়ায় পানিসংকট ও সম্ভাব্য সংঘাত, ফার্মাসিউটিক্যাল খাতে সহযোগিতা, সাংস্কৃতিক বিনিময়, বিশ্ববিদ্যালয় এক্সচেঞ্জ প্রোগ্রাম এবং প্রতিরক্ষা খাতের সহযোগিতা নিয়ে আলোচনা হয়। এছাড়া গণ-অভ্যুত্থানের পর বাংলাদেশের পররাষ্ট্রনীতির নতুন বাস্তবতা এবং সার্ক পুনরুজ্জীবনের প্রসঙ্গও গুরুত্ব পায়।

এদিন সন্ধ্যা ৬টায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে ছয় সদস্যের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেন ইসহাক দার। দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার, আঞ্চলিক সহযোগিতা এবং আন্তর্জাতিক সমসাময়িক ইস্যু নিয়ে আলোচনা শেষে বিএনপি নেতারা নৈশভোজে যোগ দেন।

বিএনপি প্রতিনিধি দলে ছিলেন স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, বেগম সেলিমা রহমান, ভাইস চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরী এবং সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ।

এর আগে বিকেলে জামায়াতে ইসলামী বাংলাদেশের নায়েবে আমীর ডা. সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহেরের নেতৃত্বে পাঁচ সদস্যের প্রতিনিধি দলের সঙ্গেও বৈঠক করেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী। বৈঠকে আঞ্চলিক বাণিজ্য, সার্ক সক্রিয়করণ এবং মুসলিম বিশ্বের ঐক্যবদ্ধ ভূমিকার ওপর গুরুত্ব দেওয়া হয়।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্র জানিয়েছে, সফরের দ্বিতীয় দিন রোববার (২৪ আগস্ট) সকালে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে ইসহাক দারের একান্ত বৈঠক হবে। পরে প্রতিনিধি পর্যায়ের বৈঠক শেষে ছয়টি চুক্তি ও সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরের কথা রয়েছে। এর মধ্যে সরকারি ও কূটনৈতিক পাসপোর্টধারীদের জন্য ভিসা বিলোপ চুক্তিও অন্তর্ভুক্ত।

Post a Comment

0 Comments