Recents in Beach

ব্রেকিং নিউজ

মার্কিন নারীকে শ্লীলতাহানি: কক্সবাজারে যুবকের ৭ বছর কারাদণ্ড

সিবি ডেক্স: কক্সবাজার শহরের হিলটপ সার্কিট হাউস সড়কে এক মার্কিন নারীকে শ্লীলতাহানির মামলায় তারিকুল ইসলাম নামের এক যুবককে সাত বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে এক লাখ টাকা জরিমানা এবং জরিমানা অনাদায়ে আরও এক বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

আজ মঙ্গলবার দুপুরে কক্সবাজার জেলা ও দায়রা জজ (নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনাল-১) আদালতের বিচারক এস এম জিল্লুর রহমান এই রায় ঘোষণা করেন। তারিকুল ইসলাম মামলার একমাত্র আসামি। তিনি পৌরসভার ১০ নম্বর ওয়ার্ডের মোহাজের পাড়ার বাসিন্দা ফরিদুল আলমের ছেলে।

পুলিশ জানায়, গত ১০ মার্চ সকাল সোয়া আটটার দিকে হিলটপ সার্কিট হাউস সড়কে হাঁটার সময় পেছন থেকে মার্কিন নারীকে জড়িয়ে ধরেন তারিকুল। এ সময় চিৎকার শুরু হলে তিনি পালিয়ে যান। পরে ওই নারী বাদী হয়ে কক্সবাজার সদর মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। মার্কিন নারীর স্বামী কক্সবাজারে একটি আন্তর্জাতিক সংস্থায় চাকরির সুবাদে তাঁদের পরিবার শহরে ভাড়া বাসায় থাকছিলেন।

ঘটনার দিনই তারিকুলকে গ্রেপ্তার করে পুলিশ এবং ৪৮ ঘণ্টার মধ্যে আদালতে অভিযোগপত্র দাখিল করে। আজ রায় ঘোষণার পর তাঁকে জেলা কারাগারে পাঠানো হয় বলে জানান কক্সবাজার সদর থানার ওসি মোহাম্মদ ইলিয়াছ খান।

ওসি আরও জানান, এর আগেও তারিকুলের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতনের অভিযোগ রয়েছে। ২০২২ সালের ১৩ নভেম্বর পাঁচ বছরের এক শিশুকে ধর্ষণের মামলায় তিনি গ্রেপ্তার হয়ে কয়েক মাস কারাগারে ছিলেন। জামিনে মুক্ত হওয়ার পর এ শ্লীলতাহানির ঘটনা ঘটান তিনি। তারিকুল পেশায় রাজমিস্ত্রির সহকারী।

Post a Comment

0 Comments