Recents in Beach

ব্রেকিং নিউজ

মেডিকেলে ভর্তি অবস্থায় সাবেক এনসিপি নেত্রীর স্বামীর নাম বদল

সিবি ডেক্স: সাবেক এনসিপি নেত্রী নীলা ইস্রাফিল অভিযোগ করেছেন, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর অনুমতি ছাড়া ভর্তি নথিতে স্বামীর নামের স্থানে অন্যের নাম বসানো হয়েছে। তিনি এ ঘটনাকে জালিয়াতি, মানবাধিকার লঙ্ঘন এবং আইনত শাস্তিযোগ্য অপরাধ হিসেবে দাবি করেছেন।

শনিবার (৯ আগস্ট) নিজের ফেসবুক পোস্টে রোগীর একটি ভর্তি ফরম যুক্ত করে নীলা লিখেছেন, “ভর্তির দিন আমি সম্পূর্ণ অজ্ঞান অবস্থায় ছিলাম। তখন আমার নিজের নাম, পরিচয় বা জীবনের কোনো সিদ্ধান্তের ওপর আমার নিয়ন্ত্রণ ছিল না। সেই সুযোগে সারোয়ার তুষার আমার স্বামীর নামের জায়গায় নিজের নাম বসিয়ে দিয়েছে। এটি কোনো ভুল নয়—এটি আইনগতভাবে জালিয়াতি।”

নীলা উল্লেখ করেন, বাংলাদেশ দণ্ডবিধির ৪৬৮ ও ৪৭১ ধারায় নথিতে মিথ্যা তথ্য প্রদান ও ব্যবহার শাস্তিযোগ্য অপরাধ। পাশাপাশি, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইন অনুযায়ী অনুমতি ছাড়া কারো ব্যক্তিগত তথ্য পরিবর্তন করাও অপরাধ।

তিনি বলেন, “আমার অনুমতি ছাড়া পারিবারিক পরিচয় বিকৃত করা শুধু আমার সামাজিক সম্মানকে আঘাত নয়, এটি মানবাধিকার লঙ্ঘন। ইউডিএইচআর-এর ধারা ৩, ৫, ১২ ও ২২ অনুযায়ী আমার ব্যক্তিগত মর্যাদা, গোপনীয়তা ও আইনি নিরাপত্তার অধিকার ক্ষুণ্ণ হয়েছে।”

নীলা দাবি করেন, দ্রুত তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে আইনের সর্বোচ্চ ব্যবস্থা নিতে হবে, তাঁর প্রকৃত তথ্য পুনঃস্থাপন করতে হবে এবং অসহায় অবস্থার সুযোগ নিয়ে এমন অপরাধকারীদের বিরুদ্ধে কঠোর আইন প্রয়োগ করতে হবে।

তিনি আরও বলেন, “এটা শুধু আমার লড়াই নয়—এটা প্রতিটি মানুষের নিজের পরিচয়, মর্যাদা ও অধিকারের জন্য লড়াই।”

Post a Comment

0 Comments