Recents in Beach

ব্রেকিং নিউজ

কুকুরের সঙ্গে ধাক্কা! উড্ডয়ন স্থগিত কক্সবাজার বিমানবন্দরে

সিবি ডেক্স: কক্সবাজার বিমানবন্দরের রানওয়েতে এক অবিশ্বাস্য ঘটনার মুখে পড়ে ঢাকাগামী একটি যাত্রীবাহী ফ্লাইট। শনিবার (২ আগস্ট) সন্ধ্যা ৭টার দিকে এয়ারএস্ট্রার একটি ফ্লাইটের সঙ্গে ধাক্কা লাগে একটি কুকুরের। এতে ফ্লাইটটি উড্ডয়ন স্থগিত করে নিরাপত্তা যাচাইয়ের জন্য রানওয়ে থেকে সরিয়ে নেওয়া হয়।

বিমানবন্দর সূত্রে জানা গেছে, ফ্লাইটটিতে ৭২ জন যাত্রী ছিলেন। ধাক্কা লাগার পরপরই বিমানের যান্ত্রিক ত্রুটি খতিয়ে দেখতে 'থ্রো-চেক' কার্যক্রম শুরু করেন পাইলট ও গ্রাউন্ড টিম। পাশাপাশি বিমানবন্দরের ফায়ার সার্ভিস ও পরিচ্ছন্নতাকর্মীরা সন্ধ্যা ৭টা ২০ মিনিটে রানওয়ে থেকে কুকুরটির মৃতদেহ সরিয়ে নেন।

যাচাই শেষে কোনো যান্ত্রিক ত্রুটি না পাওয়ায় রাত ৮টা ৮ মিনিটে ফ্লাইটটি ঢাকার উদ্দেশে পুনরায় উড্ডয়ন করে। এতে প্রায় এক ঘণ্টা বিলম্ব ঘটে। সৌভাগ্যক্রমে, ফ্লাইটে থাকা সকল যাত্রী নিরাপদ ছিলেন।

এ বিষয়ে কক্সবাজার বিমানবন্দরের ভারপ্রাপ্ত পরিচালক গোলাম মর্তুজা জানান, “ফ্লাইটের ধাক্কায় কুকুরটি মারা গেছে। যাত্রীরা সবাই নিরাপদ ছিলেন এবং ফ্লাইটটি স্বাভাবিকভাবে গন্তব্যে যাত্রা করে।”

তিনি আরও বলেন, দিনের বেলায় কুকুরের তেমন উপস্থিতি না থাকলেও সন্ধ্যার পর রানওয়েতে কুকুরের চলাচল বেড়ে যায়। আলো কম থাকায় পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। বর্তমানে বিমানবন্দরের নিরাপত্তায় ১৮৯ জন আনসার সদস্য নিয়োজিত থাকলেও, এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিরোধ করা যাচ্ছে না।

স্থানীয়দের দাবি, রানওয়েতে কুকুরের প্রবেশ ঠেকাতে কার্যকর ব্যবস্থা গ্রহণ না করলে ভবিষ্যতে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।

Post a Comment

0 Comments