Recents in Beach

ব্রেকিং নিউজ

চট্টগ্রাম-১৫ আসনে প্রার্থী ঘোষণা ঘিরে জামায়াতে ভাঙন! পদ হারালেন শাহজাহান চৌধুরী

সিবি ডেক্স: চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী হিসেবে শাহজাহান চৌধুরীর নাম ঘোষণার কয়েক ঘণ্টার মধ্যেই তাকে দলীয় পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। চট্টগ্রাম মহানগর জামায়াতের আমির পদ থেকে সরিয়ে তাকে সাতকানিয়ায় বেশি সময় দেওয়ার নির্দেশনার মাধ্যমে সংগঠনের ভারসাম্য রক্ষার প্রয়াস চালিয়েছে কেন্দ্র।

শুক্রবার সকালে সাতকানিয়ার কেরানীহাটে অনুষ্ঠিত এক ‘দায়িত্বশীল সমাবেশে’ কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার আনুষ্ঠানিকভাবে শাহজাহান চৌধুরীর প্রার্থিতা ঘোষণা করেন। কিন্তু সেদিন বিকেলেই চট্টগ্রাম নগরীর দেওয়ানবাজারে অনুষ্ঠিত আরেক জরুরি ‘দায়িত্বশীল সমাবেশে’ ঘোষণা আসে—নগর আমিরের পদ থেকে তাকে অব্যাহতি দিয়ে নায়েবে আমির মো. নজরুল ইসলামকে নতুন ভারপ্রাপ্ত আমির করা হয়েছে।

এ ঘটনাকে কেন্দ্র করে জামায়াতের কেন্দ্র ও স্থানীয় পর্যায়ে বিভক্তির চিত্র স্পষ্টভাবে ফুটে উঠেছে। দলটির নেতাকর্মীরা যদিও একে 'সমঝোতার ফল' হিসেবে উল্লেখ করছেন।

চট্টগ্রাম মহানগর জামায়াতের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মোহাম্মদ উল্লাহ বলেছেন, “সাতকানিয়ায় প্রার্থী হওয়ায় শাহজাহান চৌধুরীকে এখন থেকে বেশি সময় সেখানেই দিতে হবে। তাই নগরের দায়িত্বে পরিবর্তন আনা হয়েছে।”

উল্লেখ্য, গত ৩ ফেব্রুয়ারি জামায়াতে ইসলামীর ঘোষিত ২৩টি প্রার্থী তালিকায় চট্টগ্রাম-১৫ আসনটি ফাঁকা রাখা হয়। যদিও শাহজাহান চৌধুরী সেই সময় থেকেই দাবি করছিলেন, এই আসনে তার প্রার্থিতা চূড়ান্ত। শেষ পর্যন্ত তা ঘোষিত হলেও তার প্রভাব দলের অভ্যন্তরে উপদলীয় উত্তেজনার সৃষ্টি করেছে।

Post a Comment

0 Comments