Recents in Beach

ব্রেকিং নিউজ

কেনিয়ায় ব্রিটিশ সেনার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ, পূর্বেও ছিল হত্যার ইতিহাস

সিবি ডেক্স: পূর্ব আফ্রিকার দেশ কেনিয়ায় অবস্থিত ব্রিটিশ সেনাবাহিনীর একটি প্রশিক্ষণ শিবির ঘিরে আবারও আলোচনার ঝড়। এবার যুক্তরাজ্যের এক সেনার বিরুদ্ধে কেনিয়ার নানিয়ুকি শহরে ধর্ষণের অভিযোগ উঠেছে। এই শহরটি রাজধানী নাইরোবি থেকে প্রায় ২০০ কিলোমিটার উত্তরে।

গত মাসে শহরের একটি বারে অবস্থানের পর এই ভয়াবহ ঘটনা ঘটে বলে জানা যায়। পরবর্তীতে অভিযুক্ত সেনাকে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ করে ডিফেন্স সিরিয়াস ক্রাইম ইউনিট — যারা যুক্তরাজ্য ও বিদেশে নিযুক্ত সেনা সদস্যদের দ্বারা সংঘটিত গুরুতর অপরাধ তদন্ত করে থাকে।

যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে সেনাকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানায়, "সশস্ত্র বাহিনীতে অপরাধমূলক বা অগ্রহণযোগ্য আচরণের কোনো স্থান নেই। এমন অভিযোগ স্বাধীনভাবে তদন্ত করা হয়।"

এই একই শিবিরে ২০১২ সালে অ্যাগনেস ওয়ানজিরু নামের ২১ বছর বয়সী এক কেনিয়ান নারীকে হত্যার অভিযোগ উঠেছিল আরেকজন ব্রিটিশ সেনার বিরুদ্ধে। তিন সপ্তাহ নিখোঁজ থাকার পর তার মরদেহ ব্রিটিশ শিবিরের সেপটিক ট্যাংকে পাওয়া যায়।

১৯৬৪ সালে প্রতিষ্ঠিত ব্রিটিশ আর্মি ট্রেনিং ইউনিট (BATUK) — যুক্তরাজ্য ও কেনিয়ার চুক্তির অধীনে প্রতি বছর ৬টি ব্যাটালিয়ন পর্যন্ত প্রশিক্ষণের জন্য মোতায়েন করে। কিন্তু বিগত কয়েক বছরে এই শিবিরের বিরুদ্ধে একাধিক মানবাধিকার লঙ্ঘন, ধর্ষণ, হত্যা, হিট-অ্যান্ড-রান ও স্থানীয় নারীদের গর্ভবতী করে চলে যাওয়ার মতো গুরুতর অভিযোগ উঠেছে।

মানবাধিকার সংগঠন ও কেনিয়ান নাগরিক সমাজ এ নিয়ে কড়া সমালোচনা করেছে এবং জবাবদিহি ও আন্তর্জাতিক পর্যায়ের স্বচ্ছ তদন্তের দাবি জানিয়েছে।

Post a Comment

0 Comments