Recents in Beach

ব্রেকিং নিউজ

ভালুকায় তালাবদ্ধ ঘর থেকে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার, স্বামী পলাতক

সিবি ডেক্স: ময়মনসিংহের ভালুকায় একটি তালাবদ্ধ ভাড়া বাসা থেকে সাবিনা আক্তার (৪২) নামের এক নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার দুপুরে ভালুকা উপজেলার সিডস্টোর বাজার এলাকার বাসাটি থেকে মরদেহ উদ্ধার করা হয়। ঘটনার পর থেকেই তাঁর স্বামী স্বপন মিয়া পলাতক রয়েছেন।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, ঈদের দিন থেকে সাবিনা ও স্বপনের মুঠোফোন নম্বর বন্ধ পাওয়া যাচ্ছিল। এতে সন্দেহ হলে রোববার দুপুরে সাবিনার স্বজনেরা বাসায় গিয়ে দেখেন, সেটি বাইরে থেকে তালাবদ্ধ। জানালার ফাঁক দিয়ে তাঁরা ঘরের ভেতরে সাবিনার মরদেহ দেখতে পান। এরপর পুলিশকে খবর দেওয়া হয়।

ভালুকা মডেল থানার ওসি হুমায়ুন কবির জানান, মরদেহে ধারালো অস্ত্রের দুটি আঘাত রয়েছে, যা মাথার দিকে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, স্বামীই তাঁকে হত্যা করে ঘর তালাবদ্ধ করে পালিয়ে গেছেন। সাবিনা একটি পোশাক কারখানায় কাজ করতেন, তবে স্বপনের কোনো নির্দিষ্ট পেশা ছিল না।

সাবিনার ভাই সাদ্দাম হোসেন জানান, ‘আমার বোনকে ঠাণ্ডা মাথায় হত্যা করেছে স্বপন। এখন সে পালিয়েছে। আমরা এর সুষ্ঠু বিচার চাই।’

মরদেহটি উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এই ঘটনায় থানায় একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে। স্বপনকে গ্রেপ্তারের চেষ্টা করছে পুলিশ।

Post a Comment

0 Comments