উত্তরাখণ্ড রাজ্যের উধমসিং নগর এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে এক নারীকে, যিনি নিজেকে নৈনিতাল হাইকোর্টের আইনজীবী পরিচয় দিয়ে অন্তত ৫০ জন পুরুষকে প্রেমের ফাঁদে ফেলে প্রতারণা করেছেন। তাঁর ভুয়া নাম ছিল ‘অঙ্কিতা শর্মা’, কিন্তু তদন্তে জানা যায় আসল নাম হেনা রাওয়াত।
পুলিশ জানায়, বসুন্ধরা ভূরারানি রোডের বাসিন্দা দীপক কাক্কড় নামে এক ব্যক্তি অভিযোগ করেন যে, WhatsApp-এ একটি কলের মাধ্যমে ওই নারীর সঙ্গে তার পরিচয় হয়। নারী জানান, ভুল করে কলটি করা হয়েছে। ধীরে ধীরে তারা কথা বলা শুরু করেন এবং তা প্রেমে রূপ নেয়।
একটি কন্ট্রাক্ট পাইয়ে দেওয়ার প্রলোভন দেখিয়ে ৫ লাখ টাকা দাবি করেন হেনা। এরপর একটি মন্দিরে দীপককে বিয়ের নাটক করে ঘরে নিয়ে গিয়ে দাবি করেন ৩০ লাখ টাকা। টাকা না দিলে প্রাণনাশের হুমকিও দেন।
গ্রেপ্তারের সময় হেনার কাছ থেকে ৫০ হাজার টাকা উদ্ধার হয়েছে, যা ব্ল্যাকমেইলের মাধ্যমে আদায় করা হয়েছিল। পুলিশ জানায়, তাঁর বিরুদ্ধে উত্তরপ্রদেশ ও উত্তরাখণ্ড মিলিয়ে ১৮টি মামলা রয়েছে। তাঁর কাছে পাওয়া গেছে ‘নিকিতা সিং’ নামে একটি জাল আধার কার্ড।
হেনা বিবাহিত এবং একটি প্রতারণাচক্রের সঙ্গে যুক্ত। এমনকি ধর্ষণের ভুয়া মামলার ভয় দেখিয়েও তিনি অর্থ আদায় করতেন। এ ঘটনায় পুলিশ আইনি ব্যবস্থা নিচ্ছে এবং অন্যান্য ভুক্তভোগীদের খুঁজে বের করার চেষ্টা করছে।
0 Comments