Recents in Beach

ব্রেকিং নিউজ

ঈদের দিনে ঘর ছেড়ে বের হয়ে ফিরল না সোহানা, পুকুর থেকে উদ্ধার পঞ্চম শ্রেণির শিক্ষার্থীর মরদেহ

সিবি ডেক্স: ঈদের খুশির দিনে ঘটে গেল এক হৃদয়বিদারক ঘটনা। যশোরের ঝিকরগাছা উপজেলার নাভারন ইউনিয়নের মানিকালি গ্রামে একটি পুকুর থেকে উদ্ধার করা হয়েছে পঞ্চম শ্রেণির মাদরাসা শিক্ষার্থী সোহানা আক্তার (১১)-এর নিথর দেহ।

রোববার (৮ জুন) সকাল ৮টার দিকে স্থানীয়রা পুকুরে তার মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পরে ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ঝিকরগাছা থানা পুলিশ।

সোহানা আক্তার ঝিকরগাছার চাঁদপুর গ্রামের বাসিন্দা ও বায়সা বাজারের মুদি দোকানি আব্দুল জলিলের মেয়ে। পরিবার সূত্রে জানা যায়, ঈদুল আজহার দিন বিকেল ৩টার দিকে সে হাড়িয়া-পানিসারা ফুল মোড়ে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়। কিন্তু রাতে আর বাড়ি ফেরেনি। স্বজনরা সম্ভাব্য সব স্থানে খোঁজ করে ব্যর্থ হয়।

পরে রোববার সকালে মানিকালি গ্রামের একটি পুকুরে তার মরদেহ ভেসে থাকতে দেখা যায়। এলাকাবাসীর মধ্যে এই মৃত্যু নিয়ে চরম সন্দেহ দেখা দিয়েছে—কেউ কেউ একে পরিকল্পিত হত্যাকাণ্ড বলে ধারণা করছেন।

ঘটনার বিষয়ে ঝিকরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর মোহাম্মদ বলেন, “পুকুর থেকে এক শিশুর মরদেহ উদ্ধারের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। বিষয়টি তদন্তাধীন রয়েছে।”

এ ঘটনায় এলাকায় চরম শোক, উদ্বেগ ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে। স্থানীয়রা দ্রুত রহস্য উদঘাটনের দাবি জানিয়েছেন।

Post a Comment

0 Comments