রাজস্থানের জয়পুরের রাজলদেসরের বাসিন্দা বজরঙ্গী ওরফে ব্রিজমোহনের গল্প যেন সিনেমাকেও হার মানায়। মাত্র পঞ্চম শ্রেণি পর্যন্ত পড়াশোনা করেই তিনি নিজ চেষ্টায় বানিয়ে ফেলেছেন আস্ত একটি বিমান! মাথার উপর দিয়ে উড়ে যাওয়া বিমানের প্রতি ভালোবাসা আর শখই তাকে এই অসম্ভবকে সম্ভব করার পথে ঠেলে দিয়েছে।
মোবাইল ও কম্পিউটার সারাইয়ের দোকান চালিয়ে বজরঙ্গী দীর্ঘ ৮ বছর ধরে ধাপে ধাপে নিজের হাতে তৈরি করেছেন এই বিমানটি, যার সর্বোচ্চ গতি ঘণ্টায় ১৮০ কিলোমিটার এবং এটি ৪৫ লিটার জ্বালানিতে ১৫০ কিমি পর্যন্ত উড়তে সক্ষম। বিমানে দুইজনের বসার ব্যবস্থা রয়েছে এবং নির্মাণ ব্যয়ে তার খরচ হয়েছে প্রায় ১৫ লক্ষ টাকা। এই অর্থ জোগাড় করতে নিজের আয় ছাড়াও পরিচিতদের কাছ থেকে আর্থিক সহায়তা নিয়েছেন তিনি।
তবে সবচেয়ে বড় প্রশ্ন এখন—এই বিমান ওড়াবেন কীভাবে? এর জন্য সরকারি অনুমতির অপেক্ষায় রয়েছেন বজরঙ্গী। ইতোমধ্যে তিনি সংশ্লিষ্ট দপ্তরে আবেদন করেছেন। গ্রামের মানুষও তাঁর সাফল্যে আনন্দিত, তাঁরা অপেক্ষা করছেন, কবে তাঁদের ঘরের ছেলে বজরঙ্গীর তৈরি বিমান সত্যি সত্যি আকাশে ওড়বে!
0 Comments