Recents in Beach

ব্রেকিং নিউজ

পরকীয়ার বলি শিশু নুসরাত: দেড় বছরের মেয়েকে গলা টিপে হত্যা, গ্রেফতার মা আয়েশা

সিবি ডেক্স: কিশোরগঞ্জের ভৈরবে পরকীয়ার জেরে মর্মান্তিক হত্যাকাণ্ডে দেড় বছরের শিশু নুসরাতকে গলা টিপে হত্যার অভিযোগে গ্রেফতার করা হয়েছে তার মা আয়েশা খাতুনকে (২৫)। শনিবার (৭ জুন) রাত সাড়ে ১১টায় পৌর শহরের জগন্নাথপুরের লক্ষ্মীপুর মধ্যপাড়া এলাকা থেকে পুলিশ তাকে আটক করে।

গ্রেপ্তারকৃত আয়েশা খাতুন ময়মনসিংহ জেলার ধুবাউড়া থানার চন্দ্রগুনা গ্রামের আব্দুল মান্নান মিয়ার মেয়ে এবং নরসিংদীর বেলাব থানার নিলক্ষীয়া গ্রামের ওমর ফারুকের স্ত্রী। নিহত শিশুর দাদা আবুল কালাম রবিবার (৮ জুন) দুপুরে ভৈরব থানায় আয়েশা ও তার পরকীয়া প্রেমিক আলমগীর মিয়াকে আসামি করে মামলা করেন।

জানা গেছে, এক মাস আগে আয়েশা তার প্রেমিক আলমগীর মিয়ার সঙ্গে জগন্নাথপুরে শাহীন কবীরের বাড়িতে স্বামী-স্ত্রীর ছদ্মবেশে ভাড়া উঠেন। আলমগীর স্থানীয় একটি জুতার ফ্যাক্টরিতে কাজ করেন। ঈদের দিন আলমগীর তার নিজ বাড়িতে গেলে আয়েশা একা থেকে যান। সন্ধ্যায় হঠাৎ আয়েশা চিৎকার করে প্রতিবেশীদের জানান, তার সন্তান নেই। পরে জানানো হয়, শিশু মারা গেছে।

শিশুটির অস্বাভাবিক মৃত্যু সন্দেহজনক মনে হওয়ায় বাড়ির মালিক শাহীন কবীর থানায় খবর দেন। পুলিশ এসে মরদেহ উদ্ধার করে আয়েশাকে থানায় নিয়ে যায়। পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আয়েশা গলা টিপে হত্যার কথা স্বীকার করেছে। শিশুটির পিতা ওমর ফারুক গত দেড় মাস ধরে নিখোঁজ রয়েছেন।

স্থানীয়রা জানান, শিশুটি সম্পূর্ণ সুস্থ ছিল এবং বিকেলেও খেলাধুলা করছিল। এমন একটি নিষ্পাপ প্রাণের নির্মম পরিণতি এলাকায় চরম ক্ষোভ ও শোকের সৃষ্টি করেছে।

Post a Comment

0 Comments