Recents in Beach

ব্রেকিং নিউজ

মন্দিরে মহিলাদের গলার হার টার্গেট, বিচারপতির গলা থেকে মঙ্গলসূত্র ছিনতাই, বৃন্দাবনে ধরা পড়ল মহিলা চোর গ্যাং

সিবি ডেক্স: উত্তর প্রদেশের মথুরা ও বৃন্দাবনের পবিত্র মন্দিরে আসা মহিলা ভক্তদের গলার অলঙ্কার, বিশেষ করে হার ও মঙ্গলসূত্র টার্গেট করত একটি সুসংগঠিত মহিলা চোর গ্যাং। সম্প্রতি এক বিচারপতির গলা থেকে মঙ্গলসূত্র ছিনতাইয়ের ঘটনায় সামনে এসেছে এই চাঞ্চল্যকর চিত্র। পুলিশ অভিযান চালিয়ে গ্রেপ্তার করেছে ১০ জন মহিলা চোরকে, যাদের বিরুদ্ধে রয়েছে একাধিক চুরির অভিযোগ।

মধ্যপ্রদেশের উজ্জয়িনীর অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট সেশন জজ প্রেমা সাহু পরিবারের সঙ্গে বৃন্দাবনের রাধারমন মন্দিরে গিয়েছিলেন। সেখানেই তাঁর গলা থেকে সোনার মঙ্গলসূত্র ছিনতাই হয় বলে অভিযোগ। এই ঘটনার পর মথুরা পুলিশ তদন্তে নামে এবং সিসিটিভি ফুটেজ ও খোঁজখবরের ভিত্তিতে একযোগে অভিযান চালিয়ে ১০ জন মহিলা চোরকে গ্রেফতার করে।

সিনিয়র পুলিশ সুপার শ্লোক কুমার জানান, “আমরা মন্দির এলাকায় সক্রিয় মহিলা চোর ও পকেটমারদের ধরতে বিশেষ অভিযান চালিয়েছি। অভিযানে ধৃতদের কাছ থেকে পাওয়া গেছে নগদ অর্থ, চুরি হওয়া পার্স, আধার কার্ড, প্যান কার্ড, ডেবিট কার্ড, ড্রাইভিং লাইসেন্সসহ গুরুত্বপূর্ণ নথিপত্র। উদ্ধার হয়েছে মোট ১৮,৬৫২ টাকা।”

তদন্তে উঠে এসেছে, এই গ্যাং কেবল উত্তরপ্রদেশেই নয়, বরং মধ্যপ্রদেশ ও রাজস্থান থেকে আসা মহিলারাও এই সংঘবদ্ধ চোরচক্রে যুক্ত। তারা মূলত ভিড়ভাট্টা থাকা মন্দিরগুলো—বিশেষ করে বৃন্দাবন ও মথুরার জনপ্রিয় মন্দিরে—চুরি ও ছিনতাইয়ের কাজ করত।

Post a Comment

0 Comments