সিবি ডেক্স: সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ছবিতে দেখা যায়, একসময়ের জনপ্রিয় অভিনেতা সমু চৌধুরী ময়মনসিংহের গফরগাঁওয়ের একটি মাজারের পাশে গামছা পরে গাছের নিচে অচেতন ও অসুস্থ অবস্থায় শুয়ে আছেন। বিষয়টি সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয়।
পরে ১২ জুন বৃহস্পতিবার দুপুরে পাগলা থানা পুলিশ সমুকে উদ্ধার করে বলে জানান থানার ওসি ফেরদৌস আলম। পুলিশ জানিয়েছে, তিনি কিছুটা অসুস্থ ছিলেন এবং স্থানীয় মাজার সংলগ্ন এলাকায় ছিলেন।
অনেকেই এই ছবি দেখে বিভ্রান্ত হন—এটি বাস্তব না কি কোনো নাটক বা সিনেমার শুটিংয়ের অংশ। বিষয়টি নিশ্চিত করতে অভিনয়শিল্পী সংঘ এবং স্থানীয় প্রশাসনের সঙ্গে যোগাযোগ করা হয়। তখন জানা যায়, ঘটনাটি বাস্তব এবং সমু চৌধুরী বর্তমানে অভিনয়শিল্পী সংঘ বাংলাদেশ-এর তত্ত্বাবধানে রয়েছেন।
সংঘের সাধারণ সম্পাদক রাশেদ মামুন অপু জানান,
> “খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা খোঁজ নিয়েছি। তাকে নিরাপদ স্থানে রাখা হয়েছে। শারীরিক ও মানসিক অবস্থার ভিত্তিতে যত দ্রুত সম্ভব তাকে ঢাকায় আনার ব্যবস্থা করা হচ্ছে।”
উল্লেখ্য, সমু চৌধুরী ১৯৯৫ সালে আমজাদ হোসেন পরিচালিত ‘আদরের সন্তান’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক করেন। এরপর তিনি ‘দোলন চাঁপা’, ‘মায়ের অধিকার’, ‘মরণ নিয়ে খেলা’, ‘প্রেমের নাম বেদনা’ সহ একাধিক নাটক ও চলচ্চিত্রে অভিনয় করে জনপ্রিয়তা পান।
সমাজের চোখে এক সময়ের পরিচিত মুখের এমন পরিণতি অনেককেই আবেগাপ্লুত করেছে। সাধারণ মানুষ ও সহশিল্পীরা তার সুস্থতা কামনা করছেন।
0 Comments