সিবি ডেক্স: ভারতের আহমেদাবাদে এয়ার ইন্ডিয়ার লন্ডনগামী ফ্লাইট বিধ্বস্ত হওয়ার ঘটনায় নিহতদের প্রতি গভীর শোক প্রকাশ করেছে এয়ারলাইনটির মালিক টাটা গ্রুপ। বৃহস্পতিবার (১২ জুন) এক্স-এ (সাবেক টুইটার) দেওয়া এক বিবৃতিতে প্রতিটি নিহত যাত্রীর পরিবারকে এক কোটি রুপি করে ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা দেওয়া হয়।
টাটা গ্রুপ আরও জানায়, আহতদের চিকিৎসা ব্যয় সম্পূর্ণভাবে বহন করা হবে এবং দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত স্থানীয় মেডিকেল ছাত্রাবাসটি পুনর্গঠনেও সহযোগিতা করবে প্রতিষ্ঠানটি।
বিবৃতিতে উল্লেখ করা হয়,
> “এই মর্মান্তিক মুহূর্তে আমাদের শোক ভাষায় প্রকাশ করার উপায় নেই। নিহত ও ক্ষতিগ্রস্ত প্রত্যেকের পাশে আছি আমরা, এবং পুনরুদ্ধারে সব রকমের সহায়তা দেব।”
উল্লেখ্য, বৃহস্পতিবার স্থানীয় সময় দুপুরে আহমেদাবাদের সর্দার বল্লভভাই প্যাটেল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে লন্ডনের উদ্দেশে যাত্রা করার পরপরই বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনার বিমানটি বিধ্বস্ত হয়। বিমানে ২৪২ জন আরোহী ছিলেন, যার মধ্যে ২ জন পাইলট, ১০ জন কেবিন ক্রু এবং ২৩০ জন যাত্রী ছিলেন। দুর্ঘটনার কারণ এখনও তদন্তাধীন।
টাটা গ্রুপের এই মানবিক পদক্ষেপকে অনেকেই প্রশংসা করছেন এবং একে বিমানযাত্রীদের পরিবারের প্রতি সম্মান জানানোর একটি শক্তিশালী উদ্যোগ হিসেবে দেখছেন।
0 Comments