Recents in Beach

ব্রেকিং নিউজ

সৌদি আরবে অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে কঠোর দমন অভিযান: এক সপ্তাহে গ্রেপ্তার ১১,৬৫৭ জন

সিবি ডেক্স: সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক সপ্তাহব্যাপী কঠোর দমন অভিযানে ১১ হাজার ৬৫৭ জন অবৈধ অভিবাসীকে গ্রেপ্তার করেছে। ২৯ মে থেকে ৪ জুন পর্যন্ত পরিচালিত এই যৌথ অভিযানে অংশ নেয় দেশটির নিরাপত্তা বাহিনী ও সংশ্লিষ্ট সরকারি সংস্থাগুলো।

গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের মধ্যে ৬,৯৮১ জন আবাসন আইন, ৩,১৯০ জন সীমান্ত নিরাপত্তা আইন এবং ১,৪৮৬ জন শ্রম আইন লঙ্ঘনকারী হিসেবে চিহ্নিত হন। এরইমধ্যে ৯,২১৫ জন অভিবাসীকে নিজ নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে। পাশাপাশি ১২,১২২ জনকে ভ্রমণ নথি সংগ্রহের জন্য নিজ নিজ দূতাবাসে পাঠানো হয়েছে এবং ১,৪৩৫ জনের ট্রাভেল বুকিং সম্পন্ন করা হয়েছে।

বর্তমানে আরও ১৭,০১৮ জন অভিবাসী—যাদের মধ্যে ১৫,৯৯১ জন পুরুষ ও ১,০২৭ জন নারী—আইনি প্রক্রিয়ার মধ্যে রয়েছেন এবং তাদের বিরুদ্ধেও শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় আবারও কড়া হুঁশিয়ারি দিয়েছে, কেউ যদি কোনো অবৈধ অভিবাসীকে আশ্রয় দেয়, প্রবেশে সহায়তা করে বা সেবা প্রদান করে, তাহলে তার সর্বোচ্চ ১৫ বছর পর্যন্ত কারাদণ্ড ও ১০ লাখ সৌদি রিয়াল জরিমানা হতে পারে। এমনকি ব্যবহৃত যানবাহন বা ঘরও জব্দ করা হবে।

সাধারণ জনগণকে অনুরোধ জানানো হয়েছে, যদি কেউ এই ধরনের আইন লঙ্ঘনের বিষয়ে অবগত হন, তাহলে মক্কা, রিয়াদ ও পূর্বাঞ্চলে ৯১১ নম্বরে এবং অন্যান্য অঞ্চলে ৯৯৯ ও ৯৯৬ নম্বরে যোগাযোগ করে রিপোর্ট করতে বলা হয়েছে।

Post a Comment

0 Comments