রোববার (৮ জুন) সকাল থেকেই কক্সবাজারের সুগন্ধা, লাবণী ও কলাতলী পয়েন্টে দেখা গেছে পর্যটকদের উপচে পড়া ভিড়। অনেকে পরিবার-পরিজন নিয়ে এসেছেন, কেউ বন্ধুদের সঙ্গে উপভোগ করছেন ঈদের ছুটির সাগরস্নান।
ঢাকা থেকে আসা পর্যটক মীর মাহবুব বলেন, “তীব্র গরম উপেক্ষা করেই এসেছি কক্সবাজার। সমুদ্র, রোদ আর আনন্দে কাটছে প্রতিটি মুহূর্ত।”
আরেক পর্যটক সোয়েব করিম বলেন, “সাগর উত্তাল, লাল পতাকা টানানো হলেও ঈদের আনন্দ তো আর থেমে থাকে না। বন্ধুরা মিলে আনন্দে ভেসে যাচ্ছি।”
এদিকে, উত্তাল সমুদ্রের কারণে ৩টি পয়েন্টে গর্ত সৃষ্টি হওয়ায় সী সেফ লাইফগার্ড সংস্থা সর্বোচ্চ সতর্কতায় রয়েছে। ইনচার্জ মো. সেলিম উদ্দিন জানান, “লাইফগার্ড কর্মীরা তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা চালু করেছে। তবে পর্যটকরা সতর্কতা মানছেন না, তবুও আমরা তৎপর আছি।”
ট্যুরিস্ট পুলিশও কড়া নজরদারিতে রেখেছে পুরো সৈকত। উপ-পরিদর্শক সুব্রত কুমার বাড়ই বলেন, “তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। ওয়াচ টাওয়ার, মোবাইল টিম ও সাদা পোশাকের পুলিশ পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করছে।”
শুধু সৈকত নয়, হিমছড়ি, ইনানী, পাতুয়ারটেক, মেরিন ড্রাইভসহ কক্সবাজারের নানা স্পটে ঘুরছেন পর্যটকরা। সাগরের উত্তাল ঢেউ, রোদ-ভ্যাপসা গরমের মধ্যেও থেমে নেই ঈদ আনন্দ।
:
0 Comments