সিবি ডেক্স: যুক্তরাজ্যের চার দিনের সরকারি সফরে লন্ডনে অবস্থানরত বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস ব্রিটেনের রাজা তৃতীয় চার্লসের কাছ থেকে ‘কিং চার্লস হারমনি অ্যাওয়ার্ড’ গ্রহণ করেছেন। বৃহস্পতিবার (১২ জুন) বাকিংহাম প্যালেসে এক বিশেষ অনুষ্ঠানে রাজা চার্লস নিজেই এই পুরস্কার তুলে দেন অধ্যাপক ইউনূসের হাতে।
পুরস্কার প্রদান অনুষ্ঠানের আগে রাজা ইউনূসকে স্বাগত জানান এবং একান্তে প্রায় ৩০ মিনিটের সৌহার্দ্যপূর্ণ বৈঠকে তারা বাংলাদেশের বর্তমান সংস্কার কার্যক্রমসহ বৈশ্বিক বিষয়াবলি নিয়ে আলোচনা করেন।
প্রেস সচিব শফিকুল আলম জানান, রাজা চার্লস দীর্ঘদিন ধরেই অধ্যাপক ইউনূসের কাজের ভক্ত। বিশেষ করে গ্রামীণ ব্যাংকের ক্ষুদ্রঋণ উদ্যোগ, সামাজিক ব্যবসা, দারিদ্র্য বিমোচন এবং “তিন শূন্য”-দর্শনের প্রতি তার আগ্রহের কথা বৈঠকে উঠে আসে। শফিকুল বলেন,
> “এই সফরের সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনা ছিল রাজা ও প্রধান উপদেষ্টার এই ব্যক্তিগত সাক্ষাৎ।”
হারমনি অ্যাওয়ার্ড হলো রাজা চার্লসের উদ্বোধন করা একটি নতুন পুরস্কার, যার লক্ষ্য প্রকৃতির সঙ্গে সামঞ্জস্য রেখে জীবনযাপন উদযাপন করা। এর প্রথম বিজয়ী ছিলেন জাতিসংঘের সাবেক মহাসচিব বান কি-মুন।
এ উপলক্ষে ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক আগেই ইউনূসকে অভিনন্দন জানান এবং বৃহস্পতিবার লন্ডনে থাকাকালীন আবারও তার ভ্যারিফায়েড এক্স হ্যান্ডেলে লেখেন—
> “এই সপ্তাহে মাননীয় প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসকে যুক্তরাজ্যে স্বাগত জানাতে পেরে অসাধারণ লাগছে।”
তিনি বলেন,
> “অধ্যাপক ইউনূসের বৈঠকগুলোর পরিধি গণতন্ত্র, বাণিজ্য ও বিনিয়োগ, জলবায়ু উদ্যোগ, আঞ্চলিক নিরাপত্তা ও রোহিঙ্গা ইস্যুতে যৌথ অঙ্গীকারের প্রতিফলন।”
প্রধান উপদেষ্টা ইউনূস মঙ্গলবার (১০ জুন) লন্ডনে পৌঁছান। এই সফরের মূল লক্ষ্য হলো— যুক্তরাজ্যের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক নবায়ন, অর্থনৈতিক সহযোগিতা জোরদার এবং বাণিজ্য ও বিনিয়োগে নতুন মাত্রা আনা।
0 Comments