জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বিশ্বজুড়ে প্রতিশ্রুতির কমতি না থাকলেও ঝুঁকিপূর্ণ দেশগুলোর প্রধান প্রশ্ন হলো প্রতিশ্রুত অর্থ কোথায় এবং কতটুকু বাস্তবে ক্ষতিগ্রস্ত মানুষের কাছে পৌঁছেছে। আসন্ন কপ-৩১ সম্মেলনে নতুন নতুন প্রতিশ্রুতির চেয়ে আগের অঙ্গীকার বাস্তবায়ন এবং জলবায়ু অর্থায়নে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার ওপর জোর দেওয়া হয়েছে। কোস্ট ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক এম রেজাউল করিম চৌধুরী এবং জলবায়ু পরিবর্তন বিভাগের প্রধান এম এ হাসান যৌথভাবে এসব কথা বলেন। কপ-২৯ সম্মেলনে উন্নয়নশীল দেশগুলোর জন্য ২০৩৫ সাল নাগাদ বছরে অন্তত ৩০০ বিলিয়ন ডলার জলবায়ু অর্থায়নের নতুন লক্ষ্য নির্ধারণ এবং সরকারি ও বেসরকারি উৎস থেকে তা ১ দশমিক ৩ ট্রিলিয়ন ডালারে উন্নীত করার উদ্যোগ নেওয়া হয়। এছাড়া কপ-৩০ সম্মেলনে বেলেম অভিযোজন সূচক গ্রহণ এবং ২০৩৫ সালের মধ্যে অভিযোজন অর্থায়ন তিন গুণ করার আহ্বান জানানো হয়। তবে জাতিসংঘ পরিবেশ কর্মসূচির ২০২৫ সালের অ্যাডাপটেশন গ্যাপ রিপোর্ট অনুযায়ী, ২০৩৫ সাল নাগাদ উন্নয়নশীল দেশগুলোর অভিযোজন কার্যক্রমে বছরে প্রায় ৩১০ থেকে ৩৬৫ বিলিয়ন ডলার প্রয়োজন হতে পারে, অথচ ২০২৩ সালে আন্তর্জাতিক সরকারি অভিযোজন অর্থায়নের পরিমাণ ছিল মাত্র ২৬ বিলিয়ন ডলার। উন্নত দেশগুলোর হিসাব অনুযায়ী ২০২৪ সালে উন্নয়নশীল দেশগুলোর জন্য ১৩৬ দশমিক ৭ বিলিয়ন ডলার জলবায়ু অর্থায়ন সংগ্রহ করা হলেও এর ৬৭ শতাংশ বা ৬৮ দশমিক ৫ বিলিয়ন ডলার দেওয়া হয়েছে ঋণ হিসেবে, যেখানে অনুদানের পরিমাণ ছিল মাত্র ২৯ দশমিক ৭ বিলিয়ন ডলার। আঙ্কটাডের হিসাব অনুযায়ী ২০২৫ সালে উন্নয়নশীল দেশগুলোর বৈদেশিক ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ১২ দশমিক ৩ ট্রিলিয়ন ডলারে এবং ঋণ পরিশোধে ব্যয় হয়েছে ১ দশমিক ৬ ট্রিলিয়ন ডলার। এমন পরিস্থিতিতে জলবায়ু সংকটের জন্য কম দায়ী দেশগুলোর ওপর ঋণের চাপ বাড়ানো ন্যায়সংগত নয় বলে উল্লেখ করা হয়। বাংলাদেশের মতো জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশের জন্য এই অর্থায়নের ঘাটতি উপকূলীয় অঞ্চলে নিরাপদ পানির সংকট দীর্ঘায়িত হওয়া, কৃষকের অভিযোজন সক্ষমতা দুর্বল করা এবং খাদ্যনিরাপত্তাকে ঝুঁকির মুখে ফেলছে। প্যারিস চুক্তির ৯ নম্বর অনুচ্ছেদ এবং সিবিডিআর-আরসি নীতি অনুযায়ী ঐতিহাসিক দায় ও আর্থিক সক্ষমতা সম্পন্ন দেশগুলোর দায়িত্ব বেশি হওয়া উচিত। কপ-৩১ সম্মেলনে শুধু তহবিল গঠন বা বড় অঙ্কের প্রতিশ্রুতি নয়, বরং অভিযোজন এবং ক্ষয়ক্ষতি মোকাবিলার অর্থায়ন হতে হবে নতুন, অতিরিক্ত, পর্যাপ্ত, দ্রুতপ্রাপ্তিযোগ্য এবং প্রধানত অনুদানভিত্তিক। এছাড়া জীবাশ্ম জ্বালানি থেকে উত্তরণ এবং স্থানীয় মানুষের অংশগ্রহণে স্বচ্ছ প্রক্রিয়ায় অর্থ ব্যয় নিশ্চিত করার ওপরও গুরুত্বারোপ করা হয়েছে।
কপ-৩১ সম্মেলনে নতুন প্রতিশ্রুতির বদলে জলবায়ু অর্থায়নে স্বচ্ছতা, জবাবদিহি এবং ঋণভিত্তিক সহায়তার পরিবর্তে অনুদানভিত্তিক তহবিল নিশ্চিত করার আহ্বান জানানো হয়েছে।


0 Comments