সুযোগের অভাবে দেশের কোনো শিশু-কিশোর যেন পিছিয়ে না পড়ে, তা নিশ্চিত করতে সর্বস্তরের মানুষকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডা. জুবাইদা রহমান। তিনি মন্তব্য করেছেন যে প্রতিটি শিশুই দেশের অমূল্য সম্পদ এবং সঠিক শিক্ষা, যত্ন ও প্রশিক্ষণের মাধ্যমেই তাদের সুপ্ত প্রতিভার পূর্ণ বিকাশ ঘটানো সম্ভব। ঢাকা সেনানিবাসে বাংলাদেশ সেনাবাহিনীর পৃষ্ঠপোষকতায় পরিচালিত প্রয়াস বিশেষায়িত শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শনে গিয়ে তিনি এই আহ্বান জানান। প্রয়াস প্রাঙ্গণে পৌঁছালে ডা. জুবাইদা রহমানকে উষ্ণ অভ্যর্থনা জানান প্রতিষ্ঠানের পৃষ্ঠপোষক ও সেনা পরিবার কল্যাণ সমিতির সভানেত্রী সারাহনাজ কমলিকা জামান এবং ঢাকা প্রয়াসের সহকারী পৃষ্ঠপোষক শিরীন সুলতানা। এ সময় শিক্ষার্থীরা তাকে ফুল দিয়ে বরণ করে নেয়। সফরের শুরুতে ডা. জুবাইদা রহমানকে দেশজুড়ে প্রয়াসের বিভিন্ন শাখায় চলমান বিশেষায়িত শিক্ষা, চিকিৎসা, পুনর্বাসন এবং দক্ষতা উন্নয়ন কার্যক্রমের বিষয়ে বিস্তারিত জানানো হয়। এরপর তিনি বিভিন্ন কার্যক্রম ঘুরে দেখেন এবং শিক্ষার্থীদের অগ্রগতি ও সৃজনশীলতার ভূয়সী প্রশংসা করেন। বিশেষ চাহিদাসম্পন্ন শিশু-কিশোরদের আত্মনির্ভরশীল করে তোলার পাশাপাশি সমাজের মূলধারায় সম্পৃক্ত করা এবং দক্ষতাভিত্তিক প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে প্রয়াসের ভূমিকার প্রশংসা করেন তিনি। আন্তর্জাতিক স্পেশাল অলিম্পিকসে শিক্ষার্থীদের সাফল্য এবং তথ্যপ্রযুক্তি ও সৃজনশীল কর্মকাণ্ডে তাদের অর্জন দেশের জন্য গৌরব বয়ে এনেছে বলে উল্লেখ করেন ডা. জুবাইদা রহমান। এজন্য তিনি শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষকসহ সংশ্লিষ্ট সকলকে অভিনন্দন জানান। পরিদর্শনের সমাপনী পর্যায়ে তিনি শিক্ষার্থীদের পরিবেশনায় একটি আকর্ষণীয় সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিরক্ষা উপদেষ্টার সহধর্মিণী ইশরাত শামস মলি। এছাড়াও প্রয়াসের কর্মকর্তা, শিক্ষক-শিক্ষিকা, বিভিন্ন পর্যায়ের সদস্য, শিক্ষার্থী এবং গণমাধ্যম প্রতিনিধিরা এ সময় উপস্থিত ছিলেন। পরিদর্শন শেষে ডা. জুবাইদা রহমান প্রয়াসের পৃষ্ঠপোষক, পরিচালনা পর্ষদ, অধ্যক্ষ ও শিক্ষক-শিক্ষিকাসহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান এবং প্রতিষ্ঠানটির উত্তরোত্তর সাফল্য কামনা করেন।
সুযোগের অভাবে কোনো শিশু-কিশোর যেন পিছিয়ে না পড়ে, তা নিশ্চিত করতে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন ডা. জুবাইদা রহমান।


0 Comments