ভারতের ক্ষমতাসীন দল বিজেপির লোকসভা সদস্য নিশিকান্ত দুবে দাবি করেছেন, কেবল পাকিস্তাননিয়ন্ত্রিত কাশ্মীর নয়, বরং সময় এসেছে নোয়াখালী, সিলেট ও চট্টগ্রাম বন্দর পুনরুদ্ধার করার। ভারতের বার্তা সংস্থা এএনআইকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এই মন্তব্য করেন। নিশিকান্ত দুবে ঝাড়খন্ড রাজ্যের গোড্ডা আসন থেকে নির্বাচিত লোকসভার সদস্য। তাঁর এই দাবির পেছনে ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর নীতিকে দায়ী করে তিনি বলেন, কাশ্মীরের অংশ ছাড়াও নোয়াখালী, সিলেট ও চট্টগ্রাম বন্দর জোর করে পাকিস্তানকে হস্তান্তর করা হয়েছিল। তাঁর দাবি অনুযায়ী, এই তিনটি অঞ্চল একসময়ে তৎকালীন ত্রিপুরা রাজ্যের অন্তর্ভুক্ত ছিল। তৎকালীন ত্রিপুরার রাজা বীর বিক্রম সিং নিজের রাজ্যের অংশ হস্তান্তর নিয়ে প্রশ্ন তুলেছিলেন বলে উল্লেখ করেন তিনি। নিশিকান্ত দুবে আরও বলেন, ত্রিপুরার রাজা নেহরুকে প্রশ্ন করেছিলেন যে কোন অধিকারে তাঁর রাজ্যের ভূখণ্ড নিয়ে আলোচনা করা হচ্ছে বা নোয়াখালী পাকিস্তানকে দেওয়া হচ্ছে কিংবা সিলেটে গণভোট করানো হচ্ছে। পরবর্তী সময়ে সরদার বল্লভভাই প্যাটেল সেনা পাঠানোর পর ১৯৪৮ সালের অক্টোবর মাসে ত্রিপুরা রাজ্য আনুষ্ঠানিকভাবে ভারতের অন্তর্ভুক্ত হয় এবং ভারত অন্তর্ভুক্তি চুক্তিতে সই করেছিলেন তৎকালীন মহারানি কাঞ্চনপ্রভা দেবী। ১৯৪৬ সালের নোয়াখালীর দাঙ্গার প্রসঙ্গ টেনে নিশিকান্ত অভিযোগ করেন, সেই সময় নোয়াখালীর পরিস্থিতির দিকে নজর না দিয়ে জওহরলাল নেহরু মুসলিম লীগকে সরকারে ভেড়াতে বেশি আগ্রহী ছিলেন। তাঁর দাবি, সে সময় নোয়াখালীতে বহু মানুষকে হত্যা করা হয়েছিল অথচ প্রধানমন্ত্রী হওয়া সত্ত্বেও নেহরু সেখানে যাননি। ভারতের উত্তর-পূর্বাঞ্চলের উন্নয়ন বাধাগ্রস্ত হওয়ার পেছনেও নেহরুর নীতিকে দায়ী করেন এই বিজেপি নেতা। তিনি বলেন, চট্টগ্রাম বন্দর হাতে না থাকায় ওই তল্লাটে এখনো বিচ্ছিন্নতাবোধ টিকে রয়েছে। এ ছাড়া সিলেটে গণভোট পরিচালনাকারী বাহারুল ইসলাম সম্পর্কে তিনি অভিযোগ করেন যে তিনি মুসলিম লীগ রেড আর্মির সদস্য এবং নোয়াখালী গণহত্যার সঙ্গে যুক্ত ছিলেন, যাকে পরে কংগ্রেস পৃষ্ঠপোষকতা দিয়েছিল। নিশিকান্ত দুবের এই দাবির প্রতি সমর্থন জানিয়েছেন ত্রিপুরার রাজপরিবারের বংশধর ও তিপ্রা মথা দলের প্রতিষ্ঠাতা প্রদ্যোৎ বিক্রম মাণিক্য দেববর্মা। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া পোস্টে তিনি লিখেছেন, দেশভাগের সময় তাঁর দাদিকে অন্ধকারে রেখে ত্রিপুরার বিশাল অংশ পাকিস্তানকে দেওয়া হয়েছিল, যা ছিল ঐতিহাসিক ভুল। নিশিকান্ত দুবে এর আগেও বিভিন্ন উসকানিমূলক ও বিতর্কিত মন্তব্যের জন্য সংবাদের শিরোনাম হয়েছেন। এর আগে তিনি পশ্চিমবঙ্গের মালদহ, মুর্শিদাবাদ এবং বিহারের কাটিহার ও কিষানগঞ্জ নিয়ে পৃথক কেন্দ্রশাসিত অঞ্চল গঠনের দাবি তুলেছিলেন এবং তৃণমূল কংগ্রেসের সাবেক এমপি মহুয়া মৈত্রের বিরুদ্ধে অর্থ নিয়ে সংসদে প্রশ্ন করার অভিযোগেও তিনি ভূমিকা রেখেছিলেন।
নোয়াখালী, সিলেট ও চট্টগ্রাম বন্দর পুনরুদ্ধার করার সময় এসেছে বলে দাবি করেছেন ভারতের বিজেপির লোকসভা সদস্য নিশিকান্ত দুবে।


0 Comments