বেতন বৃদ্ধির দাবিতে গাজীপুরে ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন শ্রমিকেরা। মঙ্গলবার সকাল থেকে চলা এই বিক্ষোবের ফলে মহাসড়ক দুটিতে যান চলাচল বন্ধ হয়ে যাওয়ায় যাত্রীরা চরম দুর্ভোগে পড়েন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনাও ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বেশ কিছু স্থানে টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেয়। পুলিশ ও শ্রমিক সূত্রে জানা যায়, কালিয়াকৈর উপজেলার তেলিরচালা এলাকায় লগোজ অ্যাপারেল কারখানার শ্রমিকেরা সকাল সাড়ে ৯টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করেন। এ সময় পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছোড়া হলে টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করে তাদের সরিয়ে দেওয়া হয়। অন্যদিকে, গাজীপুর মহানগরীর কোনাবাড়ি এলাকায় ইসলাম গার্মেন্টসের এক শ্রমিকের মৃত্যুর গুজব ছড়িয়ে পড়লে শ্রমিকেরা লাঠিসোঁটা হাতে আঞ্চলিক সড়ক অবরোধ করেন এবং আন্দোলন শুরু করেন। সকাল ৮টার দিকে গাজীপুর সদর উপজেলার মেম্বারবাড়ি, বাঘের বাজার ও নতুন বাজার এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন শিল্পকারখানার শ্রমিকেরা। প্রায় দেড় ঘণ্টা অবরোধের পর শিল্প পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে তাদের মহাসড়ক থেকে সরিয়ে দেয়। সার্বিক পরিস্থিতি বিবেচনা করে গাজীপুরের ভোগড়া, চৌরাস্তা ও কোনাবাড়ি এলাকার ৭০টি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে এবং ৩২টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে শিল্প পুলিশ, জেলা পুলিশ, বিজিবি এবং আনসার ব্যাটালিয়নের সদস্যরা কাজ করছেন। গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার আমজাদ হোসাইন জানান, শ্রমিক বিক্ষোভের কারণে আজকের জন্য ৭০টি কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে এবং ৩২টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ রয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে।
বেতন বৃদ্ধির দাবিতে গাজীপুরে দুই মহাসড়ক অবরোধ করেছেন শ্রমিকেরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা হয়। উত্তেজনার জেরে ৭০টি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে এবং ৩২টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখা হয়েছে।


0 Comments