কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাস, অগ্নিসংযোগ ও নৈরাজ্যের প্রতিবাদে কিশোরগঞ্জে পৃথক বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে জেলা যুবদল ও ছাত্রদল। বুধবার বিকেল থেকে রাত পর্যন্ত জেলা শহরের বিভিন্ন এলাকায় এই কর্মসূচি পালিত হয়। কর্মসূচিতে বিপুলসংখ্যক নেতা-কর্মী অংশ নিয়ে আওয়ামী লীগের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন এবং দেশের শান্তিশৃঙ্খলা রক্ষায় ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।রাত আটটার দিকে শহরের একরামপুর এলাকা থেকে জেলা ছাত্রদলের একটি মিছিল বের হয়। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে রথখলা এলাকায় জেলা বিএনপির কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। এতে নেতৃত্ব দেন জেলা ছাত্রদলের সভাপতি শরীফুল ইসলাম নিশাদ। এর আগে বিকেল পৌনে পাঁচটার দিকে আখড়া বাজার মোড় থেকে জেলা যুবদলের উদ্যোগে আরেকটি মিছিল বের হয়। মিছিল শেষে জেলা বিএনপির কার্যালয়ের সামনে আয়োজিত সমাবেশে নেতৃত্ব দেন জেলা যুবদলের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মাসুদ সুমন।এ ছাড়া জেলা যুবদলের সভাপতি খসরুজ্জামান শরীফের নেতৃত্বে পৃথক মিছিল, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি মারুফ মিয়ার নেতৃত্বে আজিম উদ্দিন উচ্চবিদ্যালয় মাঠ থেকে এবং দুপুরে জেলা যুবদলের সিনিয়র সহসভাপতি মোস্তাক আহমেদ শাহীনের নেতৃত্বে শহরে আরেকটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।বিভিন্ন এলাকা থেকে আসা মিছিলগুলো শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে বিএনপি কার্যালয়ের সামনে এসে প্রতিবাদ সমাবেশে মিলিত হয়। সমাবেশে বক্তারা অভিযোগ করেন, নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও ছাত্রলীগ বিভিন্ন স্থানে অগ্নিসংযোগ ও নৈরাজ্যের মাধ্যমে জনমনে আতঙ্ক সৃষ্টির চেষ্টা করছে। দেশের শান্তি ও গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখতে যেকোনো সহিংসতার বিরুদ্ধে সোচ্চার থাকার জন্য তাঁরা দলীয় নেতা-কর্মীসহ সর্বস্তরের জনগণের প্রতি আহ্বান জানান।
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কিশোরগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা যুবদল ও ছাত্রদল।


0 Comments