আত্মকথায় বিনায়ক দামোদর সাভারকরের জীবন ও আদর্শ বিকৃতভাবে উপস্থাপন করার অভিযোগে কংগ্রেসনেত্রী সোনিয়া গান্ধীকে আইনি নোটিশ পাঠানো হয়েছে। হিন্দুত্ববাদী এই প্রবক্তার ছোট ভাই নারায়ণ দামোদর সাভারকরের নাতি সাত্যকি সাভারকর তাঁর আইনজীবী সংগ্রাম কোলহতকরের মাধ্যমে এই নোটিশ পাঠান। সোনিয়ার লেখা 'বিলংগিং: আ জার্নি অব লাভ' আত্মকথার ২০১ ও ৪৪৩ পৃষ্ঠায় সাভারকর সম্পর্কে আপত্তিকর মন্তব্য করা হয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়। সাত্যকির পক্ষে আইনজীবী সংগ্রাম কোলহতকর জানান, বইটিতে থাকা ওই মন্তব্যগুলো তথ্যগতভাবে ভুল, ঐতিহাসিক দিক থেকে বিভ্রান্তিকর, মানহানিকর এবং বীর সাভারকরের ভাবমূর্তি ও উত্তরাধিকারীদের জন্য ক্ষতিকর। নোটিশে আগামী ১৫ দিনের মধ্যে কংগ্রেসনেত্রীকে বইটির ওই অংশ সংশোধন করতে এবং নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করতে বলা হয়েছে। অন্যথায় তাঁর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করা হয়েছে। পাশাপাশি মন্তব্যের সমর্থনে কোনো তথ্যপ্রমাণ থাকলে তা দাখিল করার কথাও বলা হয়েছে। এর আগে সাত্যকি সাভারকর সংবাদ সংস্থাকে জানিয়েছিলেন, বইটিতে কোনো সূত্র ছাড়াই বীর সাভারকর সম্পর্কে কিছু মন্তব্য লেখা হয়েছে। সোনিয়ার এই আত্মকথার ২০১ পৃষ্ঠায় জরুরি অবস্থা জারির সময়কার ইন্দিরা গান্ধীর মানসিকতার বর্ণনায় আরএসএস ও সাভারকর সম্পর্কে বিভিন্ন মন্তব্য রয়েছে। এছাড়া ৪৪৩ পৃষ্ঠাতেও আরএসএসের হিন্দুত্ববাদী চরিত্র এবং সংবিধানবিরোধী আদর্শ নিয়ে নানা কথা লিখেছেন সোনিয়া গান্ধী। সোনিয়াকে আইনি নোটিশ পাঠানোর বিষয়ে দুপুর পর্যন্ত কংগ্রেসের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। এর আগে সাভারকরকে নিয়ে রাহুল গান্ধীর মন্তব্য ঘিরে রাজনৈতিক মহলে বিতর্ক তৈরি হয়েছিল।
আত্মকথায় বীর সাভারকর সম্পর্কে আপত্তিকর মন্তব্য করার অভিযোগে কংগ্রেসনেত্রী সোনিয়া গান্ধীকে আইনি নোটিশ পাঠিয়েছেন তাঁর নাতি সাত্যকি সাভারকর। নোটিশে ১৫ দিনের মধ্যে বইয়ের সংশ্লিষ্ট অংশ সংশোধন ও ক্ষমা চাওয়ার দাবি জানানো হয়েছে।


0 Comments