চট্টগ্রামের মিরসরাইয়ে উপকূলীয় এলাকা দিয়ে মিয়ানমারে সার পাচারের চেষ্টার অভিযোগে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের তিন নেতাকে গ্রেপ্তার করেছে জোরারগঞ্জ থানা-পুলিশ। রোববার ভোররাতে উপজেলার ওচমানপুর ইউনিয়নের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। সোমবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল হালিম। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন ওচমানপুর ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মহসিন সম্রাট (৫৭), তাঁর ছেলে এবং ওচমানপুর ইউনিয়ন ছাত্রদলের সাবেক আহ্বায়ক ফারিয়াতুল ফারাবি (২৬)। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মিরসরাই বিশেষ অর্থনৈতিক অঞ্চল ও উপকূলীয় এলাকা ব্যবহার করে একটি চক্র দীর্ঘদিন ধরে মিয়ানমারে সার পাচার করে আসছে। গত ৩১ অক্টোবর মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে রাখা ৩০১ বস্তা ইউরিয়া সার জব্দ করেছিল পুলিশ। পরে আটক ব্যক্তিদের তথ্য এবং মুঠোফোনের কললিস্ট বিশ্লেষণ করে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের সম্পৃক্ততা পায় পুলিশ। এর সূত্র ধরে চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক শওকত আকবর সোহাগের অফিসেও অভিযান চালানো হয়। জোরারগঞ্জ থানার ওসি মোহাম্মদ আব্দুল হালিম জানান, নোয়াখালীর সুবর্ণচরের মাহে আলম মেম্বার ও তাঁর ভাই নুর উদ্দিন আটক ব্যক্তিদের সার চালানের বিষয়ে জানান এবং সহযোগিতা চান। এরপর মিরসরাই অর্থনৈতিক অঞ্চল এলাকায় শওকত আকবর সোহাগ ট্রাকভর্তি সার মুহুরী প্রকল্পের বেড়িবাঁধ এলাকা দিয়ে মিয়ানমারে পাচারের প্রলোভন দেখান। শওকত আকবর সোহাগের প্রলোভনে ফারাবি হোসেনসহ অন্যরা সার পাচারের চেষ্টায় সহযোগিতা করেন বলে অভিযোগ রয়েছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে মহসিন সম্রাট, তাঁর ছেলে আজাহার উদ্দিন মাহিন ও ফারিয়াতুল ফারাবিকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে। এছাড়া তদন্তের স্বার্থে যুবদল নেতা শওকত আকবর সোহাগের অফিস থেকে বাদশাহ নামের একজনকে জিজ্ঞাসাবাদের জন্য আনা হলেও পরবর্তীতে সম্পৃক্ততা না পাওয়ায় তাঁকে ছেড়ে দেওয়া হয় বলে পুলিশ জানিয়েছে।
মিয়ানমারে সার পাচারের চেষ্টার অভিযোগে মিরসরাইয়ে বিএনপি ও ছাত্রদলের তিন নেতাকে গ্রেপ্তার করেছে জোরারগঞ্জ থানা-পুলিশ।


0 Comments