চট্টগ্রাম মহানগরের পতেঙ্গা থানাধীন কর্ণফুলী চ্যানেলের ১৮ নম্বর ঘাট এলাকায় অভিযান চালিয়ে মিয়ানমারে পাচারের সময় ৭০ হাজার কেজি বা ৭০ টন সিমেন্টসহ পাঁচজনকে আটক করেছে কোস্টগার্ড। একই সঙ্গে পাচারকাজে ব্যবহৃত একটি কার্গো বোটও জব্দ করা হয়েছে। মঙ্গলবার সকাল ৭টার দিকে এই অভিযান চালানো হয়। জব্দ করা সিমেন্টের আনুমানিক বাজারমূল্য ৯ লাখ ৮০ হাজার টাকা। মঙ্গলবার দুপুরে কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে কোস্টগার্ড আউটপোস্ট পতেঙ্গা একটি বিশেষ অভিযান পরিচালনা করে। ওই সময় একটি সন্দেহজনক কার্গো বোটে তল্লাশি চালিয়ে মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে নেওয়া ৭০ হাজার কেজি সিমেন্ট উদ্ধার করা হয়। পাশাপাশি এই ঘটনায় জড়িত পাঁচজন পাচারকারীকে আটক করা হয় এবং বোটটি জব্দ করা হয়। জব্দকৃত সিমেন্ট ও আটক ব্যক্তিদের বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
চট্টগ্রামের কর্ণফুলী চ্যানেলে অভিযান চালিয়ে মিয়ানমারে পাচারের সময় ৭০ হাজার কেজি সিমেন্ট জব্দ করেছে কোস্টগার্ড। এ সময় একটি কার্গো বোটসহ পাঁচজনকে আটক করা হয়েছে।


0 Comments