কক্সবাজারের চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমানসহ ছয় পুলিশ সদস্য ও এক সোর্সের বিরুদ্ধে প্রবাসীর নির্মাণাধীন বাড়িতে ভাঙচুর ও মালামাল লুটের অভিযোগে আদালতে মামলা দায়ের করা হয়েছে। ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে করা এই মামলায় আসামি ধরার নাম করে গভীর রাতে বাড়িটিতে অভিযান চালিয়ে নির্মাণসামগ্রী ট্রাকে করে তুলে নেওয়ার অভিযোগ আনা হয়েছে। সোমবার বান্দরবানের লামা উপজেলার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি করেন ভুক্তভোগী পরিবারের সদস্য আলম সাইর। আদালত মামলাটি আমলে নিয়ে এসআরবির সিওকে তদন্ত করে আগামী ৩০ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন। মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, গত ১৬ নভেম্বর রাত ১টা থেকে ভোর ৪টা পর্যন্ত লামা উপজেলার ফাইতং এলাকায় সৌদি আরবপ্রবাসী রিয়াদের নির্মাণাধীন ভবনে অভিযান পরিচালনা করে চকরিয়া থানার ওসি আরিফুর রহমানের নেতৃত্বাধীন পুলিশ দল। এ সময় রাস্তার দুই পাশে ব্যারিকেড দিয়ে ভবনটিতে ভাঙচুর চালানো হয় এবং রড, দরজা ও সিমেন্টসহ বিভিন্ন নির্মাণসামগ্রী ট্রাকে করে নিয়ে যাওয়া হয়। তবে কী কারণে এই মালামাল জব্দ করা হয়েছে, তার কোনো ব্যাখ্যা দেওয়া হয়নি বলে বাদীর অভিযোগে জানানো হয়েছে। স্থানীয় সূত্র ও জমির নথিপত্র অনুযায়ী ভবনটি গত পাঁচ বছর ধরে প্রবাসী রিয়াদ নির্মাণ করে আসছেন। কিন্তু পুলিশের পক্ষ থেকে ভবনটিকে তৌহিদ নামের এক শীর্ষ সন্ত্রাসীর বাড়ি বলে দাবি করায় স্থানীয় তথ্যের সঙ্গে পুলিশের বক্তব্যে অসংগতি দেখা দিয়েছে। ফাইতং পুলিশ ফাঁড়ি থেকে মাত্র তিন শ গজ দূরে এ ঘটনা ঘটলেও ফাঁড়ির ইনচার্জ কিছু জানেন না বলে দাবি করায় জনমনে নানা প্রশ্নের সৃষ্টি হয়েছে। গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর তৎপর হওয়া চকরিয়া থানার ওসি আরিফুর রহমান ও অতিরিক্ত পুলিশ সুপার অহিদর রহমান বাড়িটি তৌহিদ নামের এক সন্ত্রাসীর বলে দাবি করেছেন। মামলায় চকরিয়া থানার ওসি আরিফুর রহমান ছাড়াও উপপরিদর্শক শিমুল দাশ, তামিম, আবছার, মনির ও নাছির এবং কথিত সোর্স বাসুকে আসামি করা হয়েছে। সিআর ৩৪২/২৬ নম্বরের এই মামলাটি আদালত তদন্তের নির্দেশ দিয়ে ৩০ কার্যদিবসের সময়সীমা নির্ধারণ করেছেন।
প্রবাসীর নির্মাণাধীন বাড়িতে ভাঙচুর ও মালামাল লুটের অভিযোগে চকরিয়া থানার ওসিসহ ছয় পুলিশ সদস্যের বিরুদ্ধে আদালতে মামলা হয়েছে। আদালত বিষয়টি তদন্ত করে ৩০ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন।


0 Comments