দেশের উপজেলা পর্যায়ে ১১ হাজার ৮৮০টি পদে ক্রীড়া শিক্ষক নিয়োগের বিষয়ে দ্রুত পদক্ষেপ নেওয়ার কাজ চলছে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। সোমবার জাতীয় সংসদ অধিবেশনে সংসদ সদস্য নেওয়াজ হালিমা আরলীর এক প্রশ্নের লিখিত জবাবে তিনি এই তথ্য জানান। প্রতিমন্ত্রী জানান, যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের মধ্যকার আন্তমন্ত্রণালয় সভার সিদ্ধান্ত অনুযায়ী এই নিয়োগের প্রক্রিয়া শুরু হয়েছে। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীন ৪৯৫টি উপজেলা ক্রীড়া অফিস এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অধীনে প্রতিটি উপজেলায় আটটি ইভেন্টের প্রতিটির জন্য তিনজন করে শিক্ষক নিয়োগ দেওয়া হবে। সংসদ সদস্য নেওয়াজ হালিমা আরলী তরুণদের শারীরিক ও মানসিক সুস্থতা নিশ্চিতকরণ, মাদকাসক্তি ও কিশোর গ্যাংয়ের অপতৎপরতা হ্রাস এবং ইতিবাচক সামাজিক কার্যক্রমে তাদের সম্পৃক্ত করার সরকারি পরিকল্পনা সম্পর্কে জানতে চান। এর জবাবে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক বলেন, বর্তমান প্রশাসন দায়িত্ব নেওয়ার পর থেকেই ক্রীড়া খাতের উন্নয়নে নানা কার্যকর পদক্ষেপ বাস্তবায়ন করে আসছে। তৃণমূল পর্যায় থেকে সম্ভাবনাময়ী ও দক্ষ খেলোয়াড় খুঁজে বের করে তাদের সামনে এগিয়ে যাওয়ার সুযোগ করে দিতে সরকার কাজ করছে। তিনি আরও উল্লেখ করেন, তরুণ সমাজকে মাদক ও কিশোর গ্যাংয়ের প্রভাব থেকে দূরে রাখতে এবং গঠনমূলক সামাজিক কার্যক্রমে যুক্ত করতে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, শিক্ষা মন্ত্রণালয়, স্থানীয় সরকার বিভাগ এবং বিভিন্ন ক্রীড়া সংগঠনের সম্মিলিত উদ্যোগে একটি কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়েছে। এই কর্মপরিকল্পনার অংশ হিসেবে ওয়ার্ড, ইউনিয়ন ও উপজেলা পর্যায়ে নিয়মিত ক্রীড়া প্রতিযোগিতা এবং প্রশিক্ষণের ব্যবস্থা করা হচ্ছে। পাশাপাশি যুব উন্নয়ন অধিদপ্তরের মাধ্যমে দক্ষতা বাড়ানোর প্রশিক্ষণ কার্যক্রমও চলমান রয়েছে। এছাড়া দেশের প্রতিটি উপজেলায় মিনি স্টেডিয়াম এবং প্রতিটি ইউনিয়নে একটি করে খেলার মাঠ তৈরির কাজও এগিয়ে চলছে বলে জানান তিনি। এদিকে, ১০টি ভিন্ন ক্রীড়া ইভেন্ট নিয়ে ইউনিয়ন পর্যায় থেকে ১০ থেকে ১৪ বছর বয়সী শিশু-কিশোরদের অংশগ্রহণে 'নতুন কুঁড়ি স্পোর্টস' প্রতিযোগিতা চালুর কথা জানিয়েছেন প্রতিমন্ত্রী। এই প্রতিযোগিতার ইভেন্টগুলোর মধ্যে রয়েছে ফুটবল, ক্রিকেট, কাবাডি, অ্যাথলেটিকস, ব্যাডমিন্টন, ভলিবল, টেবিল টেনিস, সাঁতার, দাবা এবং মার্শাল আর্ট।
উপজেলা পর্যায়ে প্রায় ১২ হাজার ক্রীড়া শিক্ষক নিয়োগের প্রক্রিয়া চলছে বলে জাতীয় সংসদকে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।


0 Comments