ব্রেকিং নিউজ

ব্রেকিং নিউজ

রংপুরে বিয়ের তথ্য গোপন করে সেনাসদস্য হওয়ার অভিযোগ তরুণীর বিরুদ্ধে

রংপুরে বিয়ের তথ্য গোপন করে সেনাসদস্য হওয়ার অভিযোগ তরুণীর বিরুদ্ধে

রংপুরের মিঠাপুকুর উপজেলায় বৈবাহিক তথ্য গোপন করে সেনাবাহিনীতে সৈনিক পদে চাকরি নেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে আফছানা মিমি নামের এক তরুণীর বিরুদ্ধে। একই সঙ্গে ঘুষের বিনিময়ে পুলিশ ভেরিফিকেশন প্রতিবেদনে ওই বিবাহিত নারীকে অবিবাহিত হিসেবে দেখানোর অভিযোগ উঠেছে তদন্তকারী এক পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে। অভিযুক্ত আফছানা মিমি মিঠাপুকুর উপজেলার পায়রাবন্দ ইউনিয়নের লহনী গ্রামের আনিছুর রহমানের মেয়ে এবং তার স্বামী একই এলাকার খায়রুল ইসলাম। গত বছরের ৪ ডিসেম্বর প্রকাশিত বাংলাদেশ সেনাবাহিনীতে সৈনিক পদে নিয়োগ বিজ্ঞপ্তিতে অবিবাহিত প্রার্থীদের আবেদনের শর্ত থাকলেও তা গোপন করে আবেদন করেন তিনি। লিখিত ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর এক লাখ টাকা ঘুষের বিনিময়ে পুলিশ প্রতিবেদনে তাকে অবিবাহিত দেখানো হয় বলে অভিযোগ রয়েছে। বর্তমানে তিনি টাঙ্গাইলের ঘাটাইল সেনানিবাসে প্রশিক্ষণে আছেন। তরুণীর স্বামী খায়রুল ইসলাম দাবি করেন, ২০১৮ সালে পারিবারিকভাবে তাদের বিয়ে হয় এবং পারিবারিক কলহের জেরে গত ৮ এপ্রিল তিনি স্ত্রীকে তালাক দেন। এর মধ্যেই স্ত্রীকে না জানিয়ে তিনি গোপনে সেনাবাহিনীর চাকরিতে যোগ দেন। অভিযুক্তের মা রুপালী বেগম দাবি করেন, কাবিননামা না থাকায় বিয়ের বিষয়টি কেউ প্রমাণ করতে পারবে না এবং পুলিশ কর্মকর্তাকে নিয়ম অনুযায়ী চার হাজার টাকা দেওয়া হয়েছে বলে জানান তিনি। প্রশিক্ষণে থাকায় অভিযুক্ত আফছানা মিমির বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। এ বিষয়ে রংপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. জয়নাল আবেদীন জানান, পুলিশ ভেরিফিকেশন গোপনীয় বিষয় এবং ভেরিফিকেশন করা কর্মকর্তার নাম-পরিচয় প্রকাশের সুযোগ নেই। এছাড়া রংপুর জেলা পুলিশ সুপার মোহাম্মদ মোজাম্মেল হক জানিয়েছেন, এ বিষয়ে কেউ অভিযোগ দিলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

সংক্ষেপে:
রংপুরের মিঠাপুকুরে বিয়ের আট বছর পর বৈবাহিক তথ্য গোপন করে সেনাবাহিনীতে চাকরি নেওয়ার অভিযোগ উঠেছে এক তরুণীর বিরুদ্ধে।
রংপুরে বিয়ের তথ্য গোপন করে সেনাসদস্য হওয়ার অভিযোগ তরুণীর বিরুদ্ধে

0 Comments