দেশের ক্রীড়াঙ্গনের পরিচিত সংগঠক ও রাষ্ট্রীয় ক্রীড়া পুরস্কারপ্রাপ্ত হারুনুর রশীদ মারা গেছেন। সোমবার গভীর রাতে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষনিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৭ বছর। দীর্ঘদিন ধরে কিডনির জটিলতাসহ বিভিন্ন শারীরিক সমস্যায় ভুগছিলেন তিনি। শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে কিছুদিন আগে ল্যাবএইড হাসপাতালে ভর্তি করা হয় এবং পরবর্তীতে লাইফ সাপোর্টে রাখা হয়েছিল। মঙ্গলবার বাদ জোহর আবাহনী ক্লাব প্রাঙ্গণে তাঁর জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। হারুনুর রশীদ আবাহনী ক্রীড়া চক্রের সাবেক সাধারণ সম্পাদক, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের বাফুফের সাবেক সাধারণ সম্পাদক এবং বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের বিওএ সাবেক সহসভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। দেশের ফুটবল ও ক্রীড়ার উন্নয়নে দীর্ঘ সময় কাজ করা এই সংগঠক পাঁচবার বাফুফের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন। এ ছাড়া তিনি এশিয়ান ফুটবল কনফেডারেশনের এএফসি নির্বাহী কমিটি এবং ফিফার মিডিয়া কমিটির সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেছেন। ক্রীড়াঙ্গনে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি এএফসির গোল্ডেন অ্যাওয়ার্ড এবং ২০২৩ সালে বাংলাদেশ স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশনের বিএসপিএ সেরা সংগঠক সম্মাননা লাভ করেন। তাঁর মৃত্যুতে বাংলাদেশ স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশন বিএসপিএ ও বাংলাদেশ ফুটবল ফেডারেশন বাফুফে পৃথক শোকবার্তা প্রকাশ করেছে। সংগঠন দুটি তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে।
না ফেরার দেশে দেশের ক্রীড়াঙ্গনের পরিচিত সংগঠক ও রাষ্ট্রীয় ক্রীড়া পুরস্কারপ্রাপ্ত হারুনুর রশীদ। ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।


0 Comments