মিজানুর রহমান, রামু: বন্যহাতির আবাসস্থল সংরক্ষণ, খাদ্যসংকট দূরীকরণ এবং মানুষ-হাতির সংঘাত কমানোর লক্ষ্যে কক্সবাজার উত্তর বন বিভাগের ঈদগড় রেঞ্জের উদ্যোগে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৪ নভেম্বর) বিকেল ৪টায় ঈদগড়ের চরপাড়ায় হাতি সংরক্ষণ প্রকল্পের আওতায় এ সভা অনুষ্ঠিত হয়।
ঈদগড় রেঞ্জ কর্মকর্তা জাকারিয়া ফেরদৌসের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে সার্বিক সহযোগিতা করেন ঈদগড় বিট কর্মকর্তা আমিনুল ইসলাম। এ সময় সংবাদকর্মী মিজানুর রহমানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
সভায় রেঞ্জ কর্মকর্তা জাকারিয়া ফেরদৌস বলেন, বন্যহাতির নিরাপদ আবাসস্থল নিশ্চিত করা, তাদের প্রাকৃতিক বিচরণক্ষেত্র ও খাদ্যের উৎস সংরক্ষণ এবং মানুষ ও হাতির মধ্যে সংঘাত কমিয়ে সহাবস্থানের পরিবেশ তৈরি করাই এ উদ্যোগের মূল লক্ষ্য।
এ সময় বন ও বন্যপ্রাণী সংরক্ষণে স্থানীয় জনগণের সচেতনতা বৃদ্ধি এবং হাতির চলাচলের পথ নিরাপদ রাখার ওপর গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি বন্যহাতির আক্রমণ কিংবা অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে সতর্কতা অবলম্বন এবং বন বিভাগের সঙ্গে সমন্বয় করে কাজ করার প্রয়োজনীয়তা তুলে ধরেন ঈদগড় বিট কর্মকর্তা আমিনুল ইসলাম।
সংশ্লিষ্টরা মনে করেন, হাতি সংরক্ষণে শুধু বন বিভাগের উদ্যোগই যথেষ্ট নয়; এ ক্ষেত্রে স্থানীয় জনগণের সচেতনতা, সহযোগিতা ও সম্মিলিত প্রচেষ্টা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
তাঁদের মতে, এ ধরনের সচেতনতামূলক উদ্যোগ বাস্তবায়নের মাধ্যমে বন্যপ্রাণী সংরক্ষণ, জীববৈচিত্র্য রক্ষা এবং মানুষ-হাতির সংঘাত কমাতে ইতিবাচক ভূমিকা রাখবে।
বন্যহাতির আবাসস্থল ও খাদ্যের উৎস সংরক্ষণ এবং মানুষ-হাতির সংঘাত কমাতে ঈদগড়ের চরপাড়ায় সচেতনতামূলক সভা করেছে বন বিভাগ। সভায় নিরাপদ সহাবস্থান ও স্থানীয় জনগণের সহযোগিতার ওপর গুরুত্ব দেওয়া হয়।


0 Comments