ভারতের জনপ্রিয় টেলিভিশন অভিনেতা অনুজ ঠাকুর মাত্র ৩৩ বছর বয়সে মারা গেছেন। গত ২৭ অক্টোবর তিনি শেষনিশ্বাস ত্যাগ করেন। পরিবার জানিয়েছে, ঘুমের মধ্যে খিঁচুনি হওয়ার কারণে তার মৃত্যু হয়েছে। ধুম মাচাও ধুম, বন্ধন সাথ জনমোন কা এবং মহিসাগরসহ বেশ কিছু জনপ্রিয় ধারাবাহিকে অভিনয় করে পরিচিতি লাভ করেছিলেন তিনি। তার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন বন্ধু ও সহকর্মী রূপেশ সোনার। গত ৩০ অক্টোবর ইনস্টাগ্রামে একটি শোকবার্তা প্রকাশ করে তিনি বিষয়টি জানান। টাইমস অব ইন্ডিয়াকে রূপেশ জানান, মৃত্যুর ১০ দিন আগেও অনুজের সঙ্গে তার দেখা হয়েছিল। বন্ধুর আকস্মিক এই চলে যাওয়ায় ভেঙে পড়েছেন তিনি। পরবর্তীতে অনুজের মা ও ভাইয়ের সঙ্গে কথা বলে তিনি মৃত্যুর কারণ জানতে পারেন। পরিবার জানিয়েছে, ঘুমের মধ্যে খিঁচুনি হওয়ার পরই তার মৃত্যু ঘটে। প্রতিদিন ভোর সাড়ে চারটায় ঘুম থেকে ওঠার অভ্যাস ছিল অনুজের এবং তিনি নিয়মিত শরীরচর্চা ও জগিং করতেন। ঘটনার দিন অ্যালার্ম বাজার পরেও তিনি বিছানা থেকে না ওঠায় তার মা ঘরে গিয়ে তাকে মৃত অবস্থায় পান। ২০০৮ সালে একটি ধারাবাহিকে কাজের সূত্রে রূপেশ ও অনুজের পরিচয় হয়েছিল, যা দীর্ঘ ১৭ বছরের বন্ধুত্বে রূপ নেয়। এই তরুণ অভিনেতার আকস্মিক মৃত্যুতে তার বন্ধু, সহকর্মী ও ভক্তদের মাঝে গভীর শোকের ছায়া নেমে এসেছে। সামাজিক মাধ্যমে অনেকেই তার প্রয়াণে শোক প্রকাশ করেছেন।
মাত্র ৩৩ বছর বয়সে ঘুমের মধ্যে খিঁচুনি হয়ে মারা গেছেন ভারতীয় টেলিভিশন অভিনেতা অনুজ ঠাকুর। তার আকস্মিক মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে।


0 Comments