দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে ক্লাসে উপস্থিতি আশঙ্কাজনক হারে কমে যাওয়ায় তৈরি হয়েছে বড় ধরনের শিখন ঘাটতি। বিশেষ করে একাদশ ও দ্বাদশ শ্রেণিতে বর্তমানে গড়ে মাত্র ৩০ থেকে ৩৫ শতাংশ শিক্ষার্থী নিয়মিত ক্লাসে অংশ নিচ্ছে। বাকি ৬৫ থেকে ৭০ শতাংশ শিক্ষার্থীর এই অনুপস্থিতির কারণে সম্প্রতি প্রকাশিত এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফলে পাসের হার ও জিপিএ-৫ এ মারাত্মক ধস নেমেছে বলে মনে করছেন শিক্ষাবিদরা।ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান জানান, উচ্চমাধ্যমিক স্তরে এই স্বল্পসংখ্যক শিক্ষার্থীর উপস্থিতি অত্যন্ত আশঙ্কাজনক এবং ফল খারাপ হওয়ার এটি একটি বড় কারণ হতে পারে। তিনি উল্লেখ করেন, খাতা মূল্যায়ন প্রক্রিয়া নির্ভুল করার চেষ্টা চললেও এখনো একটি যৌক্তিক ও কার্যকর শিক্ষাব্যবস্থা গড়ে তোলা সম্ভব হয়নি।ফল বিপর্যয়ের পেছনে শিক্ষক ও শিক্ষার্থী উভয়ের ঘাটতি রয়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ অভিভাবক ঐক্য ফোরামের সভাপতি বীর মুক্তিযোদ্ধা জিয়াউল কবির দুলু। তিনি বলেন, শিক্ষকদের আন্তরিকতার পাশাপাশি শিক্ষার্থীদের পড়ালেখায় অবহেলা, বাইরে ঘোরাঘুরি এবং মোবাইল ফোন ও সামাজিক যোগাযোগমাধ্যমে আসক্তির কারণে অভিভাবকরা অত্যন্ত উদ্বিগ্ন ও হতাশ।ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের অধ্যাপক মনিনুর রশিদ মনে করেন, কেবল দুর্বলতা চিহ্নিত করলেই সংকট কাটবে না। এর জন্য শিক্ষাপ্রতিষ্ঠানে দ্রুত শূন্যপদে শিক্ষক নিয়োগ, বিষয়ভিত্তিক দক্ষ শিক্ষক নিশ্চিতকরণ এবং প্রত্যন্ত অঞ্চলে আইসিটি ল্যাবসহ প্রযুক্তিসুবিধা বাড়ানো প্রয়োজন। একই সঙ্গে তিনি শ্রেণিকক্ষে নিয়মিত পাঠদান ও ধারাবাহিক মূল্যায়নের ওপর বিশেষ জোর দিয়েছেন।উল্লেখ্য, গত ৩১ অক্টোবর প্রকাশিত ফলাফলে ১১টি শিক্ষা বোর্ডে গড় পাসের হার ছিল ৫২ দশমিক ১২ শতাংশ, যা গত ২১ বছরের মধ্যে সর্বনিম্ন। মোট ১২ লাখ ৪০ হাজার ৭৯৮ জন পরীক্ষার্থীর মধ্যে ৫ লাখ ৯৪ হাজার ১১৩ জন শিক্ষার্থী অকৃতকার্য হয়েছেন এবং জিপিএ-৫ পেয়েছেন ৪০ হাজার ৮৪ জন।
উচ্চমাধ্যমিক শ্রেণীতে ক্লাসে উপস্থিতি কমে যাওয়ায় এইচএসসি পরীক্ষার ফলাফলে বড় ধরনের বিপর্যয় দেখা দিয়েছে বলে জানিয়েছেন শিক্ষাবিদরা।


0 Comments