আজ ও আগামীকাল ছুটির দুই দিনে রাজধানী ঢাকায় থাকছে নানা ধরনের সাংস্কৃতিক আয়োজন। এর মধ্যে রয়েছে নতুন নাটকের উদ্বোধনী মঞ্চায়ন, পাপেট শো, শিল্পকর্ম প্রদর্শনী এবং বিশেষ কাওয়ালিসন্ধ্যা। জসীম উদ্দীনের আখ্যানকাব্য সোজন বাদিয়ার ঘাট অবলম্বনে নবরসের নতুন নাটক মঞ্চে আসছে আজ। শুক্রবার সন্ধ্যা সাতটায় বাংলাদেশ মহিলা সমিতি মিলনায়তনে নাটকটির উদ্বোধনী মঞ্চায়ন হবে। নাটকটির নাট্যরূপ ও নির্দেশনা দিয়েছেন সৈয়দা শামছি আরা সায়েকা। এর কলাকুশলীদের মধ্যে রয়েছেন আফিয়া জামান, কাশিফ আলফি আহমেদ, সৈয়দা শামছি আরা সায়েকা, ইউসুফ রাসেল, নাজমুল হাসান, নাজমুল হক, শাখাওয়াত হোসেন, হামীম সুলতান, মোহাম্মদ ইমরান খান, গোলাম মোর্শেদ, রাজীব চন্দ্র দাস, এম শাহজাদা ও ওমর ফারুক। অন্যদিকে আলিয়ঁস ফ্রঁসেজ দো ঢাকা, কম্পানি গ্রেইন দ্য ভি এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমির যৌথ প্রযোজনায় মঞ্চস্থ হচ্ছে ইনভিজিবল স্টোরিজ। বাংলাদেশের লোককথা, ভূতের গল্প ও সুন্দরবনের প্রকৃতিকে কেন্দ্র করে নির্মিত এই নাটকের প্রদর্শনী হবে আজ ও আগামীকাল সন্ধ্যা ছয়টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির পরীক্ষণ থিয়েটার মিলনায়তনে। ফরাসি পাপেটশিল্পী লরি ক্যানাকের নির্দেশনায় এতে অভিনয় করবেন তিনি নিজে ও স্বাতী ভদ্র। নাটকটির আজকের প্রদর্শনী ইংরেজি ও বাংলায় এবং আগামীকালের প্রদর্শনী ফরাসি ও বাংলায় অনুষ্ঠিত হবে। আসন খালি থাকা সাপেক্ষে দর্শকরা বিনা মূল্যে এটি উপভোগ করতে পারবেন। জীবনানন্দ দাশের উপন্যাস মাল্যবান অবলম্বনে শূন্যের প্রযোজনায় আজ বাংলাদেশ শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটার হলে সম্ + সার নাটকের দুটি প্রদর্শনী হবে। বিকেল পাঁচটা ও সন্ধ্যা সাড়ে সাতটায় প্রদর্শিত হতে যাওয়া এই নাটকের পাণ্ডুলিপি সম্পাদনা ও নির্দেশনা দিয়েছেন খন্দকার রাকিবুল হক। এতে মাল্যবান চরিত্রে অভিনয় করছেন শাহজাদা সম্রাট চৌধুরী এবং উৎপলা চরিত্রে রয়েছেন যাজ্ঞোসিনী মৌ ও তাসনুভা তামান্না। এদিকে গুলশানের স্ট্যাক গ্যালারিতে আজ ও আগামীকাল অনুষ্ঠিত হচ্ছে শিল্পকর্ম প্রদর্শনী, সংগীত, কবিতা আবৃত্তি ও খাবারের আয়োজন অযথাকাণ্ড। প্রতিদিন বেলা তিনটা থেকে রাত আটটা পর্যন্ত চলা এই আয়োজনে আজ গান পরিবেশন করবেন ডিজে মাহদি এবং আগামীকাল থাকছেন ডিজে লুনিথভয়েড। এছাড়া ওস্তাদ নুসরাত ফতেহ আলী খানের জন্মদিন উপলক্ষে আগামী কাল শনিবার ফার্মগেটের খামারবাড়ি এলাকার কেআইবি অডিটোরিয়ামে বসছে বিশেষ কাওয়ালিসন্ধ্যা ইশক-এ-নুসরাত। ক্যাপিটাল কার্ভ কমিউনিকেশনসের আয়োজনে এই অনুষ্ঠানে কাওয়ালি পরিবেশন করবে ব্যান্ড সুফিতান ও নাফস। পাশাপাশি এইচইউ সুফি ট্রুপের সুফি নৃত্য পরিবেশিত হবে। বিকেল সাড়ে চারটায় দর্শকদের জন্য প্রবেশদ্বার খুলে দেওয়া হবে এবং অনুষ্ঠান চলবে সন্ধ্যা ছয়টা থেকে রাত দশটা পর্যন্ত।
ছুটির দুই দিনে রাজধানীতে মঞ্চ নাটক, ফরাসি পাপেট শো, শিল্পকর্ম প্রদর্শনী এবং বিশেষ কাওয়ালিসন্ধ্যাসহ নানা সাংস্কৃতিক আয়োজন থাকছে।


0 Comments