ক্ষমতা টিকিয়ে রাখতে ও রাজনৈতিক চাপ সামলাতে ইরানে নতুন করে বড় ধরনের সামরিক হামলা চালানোর প্রস্তুতি নিচ্ছেন ইসরায়েলের অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। সাম্প্রতিক নির্বাচনে তাঁর জোট পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতা হারালেও তিনি এই হামলা চালানোর পক্ষে যুক্তি তুলে ধরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে কথা বলেছেন। এছাড়া হোয়াইট হাউস, সিআইএ এবং সেন্টকমের কর্মকর্তাদের সঙ্গে আলোচনার জন্য প্রতিনিধিও পাঠিয়েছেন। তবে সমালোচকরা মনে করছেন, রাজনৈতিক অস্তিত্ব রক্ষা করতেই নেতানিয়াহু দেশকে আরেকটি যুদ্ধের দিকে ঠেলে দিচ্ছেন। ইসরায়েলের বামপন্থী দল ডেমোক্র্যাটসের নেতা ইয়ার গোলান দাবি করেছেন, দেশের ইতিহাসের সবচেয়ে বড় নিরাপত্তা ব্যর্থতার জন্য দায়ী সরকারের নতুন সামরিক অভিযান শুরুর কোনো যৌক্তিকতা নেই। এদিকে বিরোধী জোটের নেতা ও সাবেক সেনাপ্রধান গাদি আইজেনকট জানিয়েছেন, আগামী কয়েক সপ্তাহের মধ্যে বা নতুন সরকার গঠনের আগে ইরানে সামরিক পদক্ষেপ নেওয়ার মতো কোনো হুমকি তিনি দেখছেন না। অন্যদিকে নেতানিয়াহুর মুখপাত্র ডোরন স্পিলম্যান দাবি করেছেন, ইরান বিষয়ে প্রধানমন্ত্রীর একক বিবেচনার মূলে রয়েছে ইসরায়েল ও এর নাগরিকদের নিরাপত্তা। ইসরায়েলের নিরাপত্তা কর্মকর্তাদের একাংশের মতে, যুক্তরাষ্ট্রের সঙ্গে যৌথভাবে হামলার সুযোগ তৈরি হলেই কেবল মাঠে নামা উচিত। তবে জ্যেষ্ঠ সামরিক কমান্ডারদের অনেকের মত হলো, নিকট ভবিষ্যতে এককভাবে হামলা চালানো উচিত হবে না।
ক্ষমতায় টিকে থাকতে ইরানে নতুন করে বড় হামলার তোড়জোড় চালাচ্ছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু। এ নিয়ে তীব্র রাজনৈতিক বিতর্ক ও সমালোচনা শুরু হয়েছে।


0 Comments