নির্যাতনের শিকার ব্যক্তিদের সহায়তায় তহবিল সংগ্রহের উদ্দেশ্যে নিজেদের আগামী উপন্যাসের চরিত্রের নামকরণের সুযোগ নিলামে তুলছেন মার্গারেট অ্যাটউড, জেডি স্মিথ ও ইয়ান ম্যাকইওয়ানের মতো খ্যাতনামা লেখকেরা। ফ্রিডম ফ্রম টর্চার নামের একটি দাতব্য সংস্থার দশম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এই ব্যতিক্রমী উদ্যোগ নেওয়া হয়েছে। নিলামে সর্বোচ্চ দরদাতা ব্যক্তি নিজের বা পছন্দের নাম উপন্যাসের চরিত্রের জন্য ব্যবহারের সুযোগ পাবেন। আগামী ১১ নভেম্বর লন্ডন লাইব্রেরিতে এই সংস্থার সাহিত্য উৎসব অনুষ্ঠিত হবে। উৎসবে লেখক ও নির্যাতন থেকে বেঁচে ফেরা ব্যক্তিরা অংশ নেবেন। এতে কবিতা প্রতিযোগিতা ও সাহিত্যপাঠের আয়োজনও রাখা হয়েছে। এই উৎসবের সঙ্গে একাত্মতা প্রকাশ করেছেন ৭৫ জনের বেশি লেখক, কবি ও শিল্পী। নিলামে কেবল চরিত্রের নামকরণই নয়, এর পাশাপাশি শিল্পী কুয়েন্টিন ব্লেকের চিত্রকর্ম, উইলিয়াম ব্লেকের অলংকরণে মেরি ওলস্টোনক্রাফটের গল্পের দুর্লভ বই এবং লেখক লুইস ডাউটির সঙ্গে পাঠচক্রের সদস্যদের সাক্ষাতের সুযোগ থাকছে। এ ছাড়া লেখকদের নকশা করা ত্রিশটির বেশি বুকমার্কের লটারি হবে, যেখানে প্রতিটি বুকমার্কের সঙ্গে থাকবে সংশ্লিষ্ট লেখকের সই করা একটি বই। উৎসবে নির্যাতন থেকে বেঁচে ফেরা ব্যক্তিদের অভিজ্ঞতা নিয়ে আয়োজিত কবিতা প্রতিযোগিতায় বিচারক হিসেবে দায়িত্ব পালন করবেন বুকারজয়ী লেখক অ্যালান হলিংহার্স্ট ও কবি র্যাচেল অ্যালেন। গার্ল উইথ আ পার্ল ইয়াররিং উপন্যাসের লেখক ট্রেসি শেভালিয়ার ২০০৬ সাল থেকে এই উদ্যোগের সঙ্গে যুক্ত রয়েছেন। শুরুতে অপরিচিত কাউকে নিজের উপন্যাসের চরিত্রের নাম বেছে দেওয়ার সুযোগ দিতে কিছুটা দ্বিধায় থাকলেও পরবর্তী অভিজ্ঞতা প্রসঙ্গে ট্রেসি শেভালিয়ার জানান, উপন্যাসের চরিত্রের নাম অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় কারণ একটি চরিত্র নিয়ে লেখকদের দীর্ঘ সময় ভাবতে হয়। তবে প্রথম নিলামে বিজয়ী লরা ডিভাইনের নাম সার্কাসকর্মীর চরিত্রে ব্যবহার করে তিনি আনন্দিত হয়েছিলেন এবং পরবর্তীতে তাদের মধ্যে বন্ধুত্বের সম্পর্ক গড়ে ওঠে। ট্রেসি শেভালিয়ার আরও বলেন, প্রতিটি মানুষের নিজের জীবনের কষ্টকর অভিজ্ঞতা নিজ ভাষায় প্রকাশের স্বাধীনতা থাকা উচিত। তিনি উল্লেখ করেন যে তিনি নিজেও একজন অভিবাসী, তবে শ্বেতাঙ্গ ও আমেরিকান হওয়ায় তাকে কখনো এখানে থাকার অধিকার নিয়ে প্রশ্নের মুখে পড়তে হয়নি। এদিকে সংস্থার কর্মকর্তা স্যামুয়েল মর্টন জানিয়েছেন, ব্রিটেনসহ ইউরোপের বিভিন্ন দেশে আশ্রয়প্রার্থীদের আইনি সুরক্ষা দুর্বল করার প্রবণতা অত্যন্ত উদ্বেগের বিষয়। স্যামুয়েল মর্টনের মতে, রাজনৈতিক ফায়দার জন্য নির্যাতন থেকে পালিয়ে আসা মানুষের মৌলিক আইনি সুরক্ষা দুর্বল করা কোনোভাবেই উচিত নয়, কারণ এতে তারা আবারও নির্যাতনকারীদের হাতে ফিরে যাওয়ার ঝুঁকিতে পড়তে পারেন।
নির্যাতনের শিকার ব্যক্তিদের সহায়তায় তহবিল সংগ্রহ করতে নিজেদের পরবর্তী উপন্যাসের চরিত্রের নামকরণের সুযোগ নিলামে তুলছেন মার্গারেট অ্যাটউড ও জেডি স্মিথসহ খ্যাতনামা লেখকেরা।


0 Comments