ব্রেকিং নিউজ

ব্রেকিং নিউজ

মোংলায় জলবায়ু ন্যায়বিচার ও নবায়নযোগ্য জ্বালানির দাবিতে সাইকেল র‍্যালি ও মানববন্ধন

মোংলায় জলবায়ু ন্যায়বিচার ও নবায়নযোগ্য জ্বালানির দাবিতে সাইকেল র‍্যালি ও মানববন্ধন

তুরস্কের আন্তালিয়ায় অনুষ্ঠিত কপ-৩১ বিশ্ব জলবায়ু সম্মেলনকে কেন্দ্র করে জলবায়ু ন্যায়বিচারের দাবিতে বাগেরহাটের মোংলার কানাইনগর পশুর নদীর পাড়ে সাইকেল র‌্যালি, মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৪ নভেম্বর) সকাল ১১টায় ধরিত্রী রক্ষায় আমরা (ধরা), পশুর রিভার ওয়াটারকিপার, উদয়ন যুব সংঘ এবং ওয়াটারকিপার্স বাংলাদেশ যৌথভাবে এই কর্মসূচি পালন করে। কর্মসূচিতে জলবায়ু উদ্বাস্তু, জেলে, বনজীবী ও নদী ভাঙনকবলিত মানুষজন অংশ নেন।

সমাবেশে বক্তারা বলেন, জলবায়ু ন্যায্যতা নিশ্চিত করতে ঋণের পরিবর্তে অনুদান প্রদান করতে হবে। জীবাশ্ম জ্বালানি জলবায়ু পরিবর্তনকে ত্বরান্বিত করে উল্লেখ করে তারা জীবাশ্ম জ্বালানি বন্ধ করে এখনই শতভাগ নবায়নযোগ্য জ্বালানি চালুর দাবি জানান। বক্তারা আরও বলেন, জলবায়ু সংকট সৃষ্টিতে বাংলাদেশ সবচেয়ে কম অবদান রেখেও মারাত্মক ক্ষতিকর প্রভাবের শিকার হচ্ছে। তাই এই সংকটের জন্য ঐতিহাসিকভাবে দায়ী ধনী দেশ ও দূষণকারী কোম্পানিগুলোকে জবাবদিহির আওতায় আনতে হবে।

ধরা'র কেন্দ্রীয় নেতা ও পশুর রিভার ওয়াটারকিপার মোঃ নূর আলম শেখের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন ধরা'র নেত্রী কমলা সরকার, উদয়ন যুবসংঘের জানে আলম বাবু, ওয়াটারকিপার্স বাংলাদেশ'র মেহেদী হাসান, ক্লাইমেট এ্যাকশন ফোরামের সাধারণ সম্পাদক আবু হাসান, পশুর রিভার ওয়াটারকিপার সংগঠক অসীমা মন্ডল এবং বৃষ্টি সরকার প্রমুখ।

সভাপতির বক্তব্যে মোঃ নূর আলম শেখ বলেন, জলবায়ুজনিত ক্ষয়ক্ষতি মোকাবিলা, অভিযোজন এবং সংকট সমাধানে উন্নত বিশ্বকে অনুদান দিতে হবে। তিনি সুন্দরবন বিনাশী রামপাল কয়লা বিদ্যুৎ কেন্দ্রসহ সব জীবাশ্ম জ্বালানিভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র বন্ধ করে শতভাগ নবায়নযোগ্য জ্বালানির ন্যায্য রূপান্তর ঘটানোর দাবি জানান।

ধরা'র নেত্রী কমলা সরকার বলেন, বৈশ্বিক উষ্ণতা ১.৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে সীমাবদ্ধ রাখতে হবে এবং ২০৫০ সালের মধ্যে প্রকৃত শূন্য কার্বন নিঃসরণ অর্জনে জীবাশ্ম জ্বালানির ব্যবহার পর্যায়ক্রমে বন্ধ করতে হবে।

ওয়াটারকিপার্স বাংলাদেশ'র মেহেদী হাসান বলেন, পরিবেশবিধ্বংসী বৃহৎ শিল্পভিত্তিক কৃষি এবং ভূমি, পানি ও বীজের ওপর কর্পোরেট একচেটিয়া নিয়ন্ত্রণ বন্ধ করতে হবে। স্থানীয় বীজ, আদিবাসী জ্ঞান এবং শতভাগ নবায়নযোগ্য জ্বালানিনির্ভর খাদ্য ব্যবস্থা গড়ে তোলার ওপর তিনি জোর দেন।

উদয়ন যুবসংঘের জানে আলম বাবু বলেন, জলবায়ুর অভিঘাত থেকে বিশ্ব ঐতিহ্য সুন্দরবনকে রক্ষা করতে হবে। নদী, বন, ভূমি ও জীববৈচিত্র্যের অধিকার নিশ্চিত করার পাশাপাশি ব্যাপক পরিবেশ ধ্বংসকে অপরাধ হিসেবে স্বীকৃতি দেওয়ার দাবি জানান তিনি।

সংক্ষেপে:
মোংলায় জলবায়ু ন্যায়বিচার ও শতভাগ নবায়নযোগ্য জ্বালানির দাবিতে সাইকেল র‍্যালি ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
মোংলায় জলবায়ু ন্যায়বিচার ও নবায়নযোগ্য জ্বালানির দাবিতে সাইকেল র‍্যালি ও মানববন্ধন

0 Comments