আগামী ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসে ভারত থেকে বাংলাদেশে ফিরে আসার ইচ্ছা প্রকাশ করেছেন গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাঁর এই দেশে ফেরার পরিকল্পনা বাস্তবায়নে রাষ্ট্রীয় পতাকাবাহী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের উড়োজাহাজ সরবরাহের জন্য সরকারের প্রতি আহ্বান জানানো হয়েছে। আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে শেখ হাসিনার এসব পরিকল্পনার কথা জানিয়েছেন তাঁর মুখপাত্র সৈয়দ মোজাম্মেল আলী। এই ঘোষণার পর থেকেই সৈয়দ মোজাম্মেল আলীর পরিচয় ও রাজনৈতিক সম্পৃক্ততা নিয়ে আলোচনা শুরু হয়েছে। যুক্তরাজ্য প্রবাসী ব্রিটিশ-বাংলাদেশি ব্যবসায়ী, রাজনৈতিক বিশ্লেষক ও লেখক সৈয়দ মোজাম্মেল আলী বাংলাদেশের রাজনীতি, ইতিহাস এবং মানবাধিকারের বিভিন্ন বিষয়ে লেখালেখি করে থাকেন। যুক্তরাজ্য সরকারের কোম্পানি নিবন্ধন নথি অনুযায়ী ১৯৪৯ সালের জানুয়ারি মাসে জন্মগ্রহণকারী মোজাম্মেল আলী দেশটির সারে অঞ্চলে বসবাস করেন। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে অবদানের জন্য ২০২১ সালে তৎকালীন আওয়ামী লীগ সরকারের পক্ষ থেকে তাঁকে বীর মুক্তিযোদ্ধার স্বীকৃতি দেওয়া হয়। এছাড়া তিনি লন্ডনভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান স্টাডি সার্কেল লন্ডনের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। আন্তর্জাতিক গণমাধ্যমে শেখ হাসিনার পক্ষে বিভিন্ন সময় বক্তব্য ও বিবৃতি দিয়ে আলোচনায় আসা মোজাম্মেল আলী রয়টার্সকে জানান, ২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনাকে যেভাবে বাংলাদেশের উড়োজাহাজে করে ভারতে নেওয়া হয়েছিল, ঠিক একইভাবে এবার দিল্লি থেকে ঢাকায় ফেরার জন্য আকাশপথে পরিবহন নিশ্চিত করা উচিত। তিনি দাবি করেন, সংবিধানের বাইরে গিয়ে শেখ হাসিনাকে নির্বাসনে পাঠানো হয়েছে, তাই বিজয় দিবসে তাঁর ফেরা নিশ্চিত করার দায়িত্ব বর্তমান সরকারের। আন্তর্জাতিক বার্তা সংস্থার প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, শেখ হাসিনা এই প্রথম দেশে ফেরার সুনির্দিষ্ট কোনো তারিখের কথা উল্লেখ করলেন। তাঁর এই ঘোষণাকে কেন্দ্র করে দেশের রাজনৈতিক ও আইনি অঙ্গনে নতুন করে আলোচনা শুরু হয়েছে। উল্লেখ্য, ২০২৪ সালের জুলাই ও আগস্ট মাসের আন্দোলন কেন্দ্র করে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় রয়েছে, যা তাঁর এই প্রত্যাবর্তনের ঘোষণাকে আইনি দিক থেকেও অত্যন্ত তাৎপর্যপূর্ণ করে তুলেছে।
১৬ ডিসেম্বর বিজয় দিবসে ভারত থেকে বাংলাদেশে ফেরার ইচ্ছা প্রকাশ করেছেন শেখ হাসিনা। তাঁর মুখপাত্র সৈয়দ মোজাম্মেল আলী রয়টার্সকে এই তথ্য জানিয়েছেন।


0 Comments