নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের দেশব্যাপী সর্বাত্মক ধর্মঘটের ঘোষণাকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজনেস ফ্যাকাল্টির সামনে একটি প্রাইভেটকারে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে গাড়িটির চালক গুরুতর আহত হয়েছেন। মঙ্গলবার দুপুর ২টা ২৫ মিনিটের দিকে এই হামলার ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় চালক সোহেলকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে পাঠানো হয়েছে। প্রত্যক্ষদর্শীদের মতে, ধর্মঘটকে কেন্দ্র করে ক্যাম্পাসে অস্থিতিশীল পরিবেশ তৈরির উদ্দেশ্যেই গাড়িটির ওপর ককটেল নিক্ষেপ করা হয়। বিস্ফোরণের তীব্রতায় সিলভার রঙের ঢাকা মেট্রো গ- ৩৭৯১৪০ নম্বরের প্রাইভেটকারটির সামনের গ্লাস সম্পূর্ণ ফেটে একটি বড় গর্তের সৃষ্টি হয়েছে। প্রাথমিক তথ্যানুযায়ী, ক্ষতিগ্রস্ত গাড়িটির মালিক তাসলিমা নাবিলা ইসলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইন্টারন্যাশনাল বিজনেস বিভাগের সঙ্গে যুক্ত। ককটেল বিস্ফোরণের পরপরই বিশ্ববিদ্যালয় এলাকায় শিক্ষার্থী ও সাধারণ পথচারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে আইনশৃঙ্খলা বাহিনী দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ শুরু করে। ক্যাম্পাসে অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে বর্তমানে বিজনেস ফ্যাকাল্টি ও এর আশপাশের এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
ঢাবির বিজনেস ফ্যাকাল্টির সামনে প্রাইভেটকারে ককটেল বিস্ফোরণের ঘটনায় চালক গুরুতর আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।


0 Comments