পুরুলিয়া-১ ব্লকের গাড়াফুসড় পঞ্চায়েতের কাঁটাবেড়া গ্রামে অশ্বত্থ গাছের মগডাল থেকে কোলে শাবকসহ নিচে পড়ে গুরুতর আহত হয় একটি হনুমান। উঁচু থেকে মাটিতে পড়ার কারণে তার কোমর ও শরীরে আঘাত লাগে এবং সে সোজা হয়ে বসতে না পেরে যন্ত্রণায় কাতরাতে থাকে। এই পরিস্থিতিতে তার ছোট্ট শাবকটি মাকে জড়িয়ে ধরে মাথায় হাত বুলিয়ে এদিক-ওদিক তাকাচ্ছিল। স্থানীয় গ্রামের কয়েকজন যুবক বিষয়টি দেখতে পেয়ে এগিয়ে আসেন। গ্রামবাসীদের মধ্যে দীনেশ মাহাতো জানান, কাছে গিয়ে দেখা যায় হনুমানটি মাটিতে পড়ে গোঙাচ্ছে এবং শাবকটি তাকে আঁকড়ে ধরে রয়েছে। ঠান্ডার রাতে তাদের খোলা আকাশের নিচে না রেখে গ্রামের একটি ক্লাবঘরে নিয়ে আসেন যুবকরা। এরপর স্থানীয় বাসিন্দারা দুধ, কলা, শশা, বিস্কুট ও জল এনে আহত মা ও তার সন্তানকে খাওয়ান এবং মেঝেতে খড় বিছিয়ে দেন। দীনেশসহ ক্লাবের অন্যান্য সদস্যরা সারারাত জেগে আহত হনুমান ও শাবকটিকে পাহারা দেন। শুক্রবার পঞ্চায়েত সদস্য প্রিয়রঞ্জন মাহাতো ও ধ্রুব মাহাতো বন দপ্তরে খবর দিলে দুপুরে বনকর্মীরা এসে তাদের উদ্ধার করে নিয়ে যান। পুরুলিয়া-পাড়া রেঞ্জে বর্তমানে আহত হনুমানটির চিকিৎসা চলছে এবং শাবকটি তার মায়ের সঙ্গেই রয়েছে বলে বন দপ্তর সূত্রে জানা গিয়েছে। প্রাথমিক অনুমান, গাছ থেকে পড়ে হনুমানটির কোমর ভেঙে গেছে।
পুরুলিয়ায় গাছ থেকে পড়ে আহত হনুমান ও তার শাবককে সারারাত পাহারা দিয়ে রক্ষা করলেন স্থানীয় যুবকরা। পরে বন দপ্তরের কর্মীদের হাতে তাদের তুলে দেওয়া হয়।


0 Comments