ব্রেকিং নিউজ

ব্রেকিং নিউজ

তুরস্কের আন্তালিয়ায় প্রেসিডেন্ট এরদোয়ানের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের দ্বিপক্ষীয় বৈঠক শুরু

তুরস্কের আন্তালিয়ায় প্রেসিডেন্ট এরদোয়ানের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের দ্বিপক্ষীয় বৈঠক শুরু

তুরস্কের আন্তালিয়ায় দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক শুরু করেছেন সফররত প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (১০ নভেম্বর) স্থানীয় সময় সন্ধ্যা সোয়া ৭টায় আন্তালিয়ার ম্যাক্স রয়েল হোটেলে এই বৈঠক শুরু হয়। জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক সম্মেলন কপ-৩১ উপলক্ষে অনুষ্ঠিত এই বৈঠকে বাংলাদেশের পক্ষে উপস্থিত রয়েছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী-১ হুমায়ুন কবির। বৈঠকে দুই দেশের মধ্যকার সম্পর্ক আরও দৃঢ় করা, বাণিজ্য ও বিনিয়োগ বাড়ানো এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ খাতে পারস্পরিক সহযোগিতা বাড়ানোর বিষয়ে আলোচনার কথা রয়েছে। এর আগে মঙ্গলবার সকালে তিন দিনের সরকারি সফরে তুরস্কের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তাঁর সফরসঙ্গী হিসেবে রয়েছেন সহধর্মিণী ডা. জুবাইদা রহমানসহ অন্যান্য সরকারি কর্মকর্তারা। তুর্কি এয়ারলাইনসের একটি ফ্লাইটে স্থানীয় সময় বিকেল ৪টা ৩ মিনিটে আন্তালিয়া বিমানবন্দরে পৌঁছান তাঁরা। বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানান তুরস্কের সংস্কৃতি ও পর্যটনবিষয়ক উপমন্ত্রী ড. সেরদার চাম এবং তাঁকে গার্ড অব অনার প্রদান করা হয়। আগামী ১১ ও ১২ নভেম্বর আন্তালিয়ায় কপ-৩১ সম্মেলনের ওয়ার্ল্ড লিডার্স সামিট অনুষ্ঠিত হবে। আগামী ১২ নভেম্বর সম্মেলনের পূর্ণাঙ্গ অধিবেশনে বাংলাদেশের জাতীয় বক্তব্য তুলে ধরবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এই সম্মেলনে বাংলাদেশের পক্ষ থেকে জলবায়ু ন্যায়বিচার প্রতিষ্ঠা, উন্নত দেশগুলোর ঐতিহাসিক দায়দায়িত্ব, জলবায়ু অর্থায়ন, অভিযোজন এবং জলবায়ু পরিবর্তনজনিত ক্ষয়ক্ষতি মোকাবেলার বিষয়গুলো প্রধান্য পাবে। পাশাপাশি জলবায়ু সহনশীল টেকসই উন্নয়ন নিয়েও দেশের অবস্থান তুলে ধরবেন তিনি। এছাড়া সম্মেলনের গ্রিন জোনে প্লাস্টিকের বিকল্প হিসেবে পরিবেশবান্ধব পাট ও পাটজাত পণ্যের বহুমুখী ব্যবহার এবং এর সম্ভাবনা তুলে ধরতে একটি প্যাভিলিয়ন স্থাপনের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ। এই সম্মেলন চলাকালে পাট ও পাটজাত পণ্যের ব্যবহার ও প্রসারে বাংলাদেশ ও তুরস্কের মধ্যে একটি যৌথ ঘোষণা স্বাক্ষরিত হওয়ার সম্ভাবনা রয়েছে। এই সফরে প্রধানমন্ত্রী অন্যান্য দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানদের সঙ্গেও একাধিক দ্বিপক্ষীয় বৈঠকে অংশ নেবেন, যেখানে দেশের অর্থনৈতিক স্বার্থ, আন্তর্জাতিক সহযোগিতা এবং জলবায়ু কূটনীতি বিশেষ গুরুত্ব পাবে।

সংক্ষেপে:
তুরস্কের আন্তালিয়ায় প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক শুরু করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। কপ-৩১ সম্মেলনে যোগ দিতে তিনি বর্তমানে তিন দিনের সফরে দেশটিতে অবস্থান করছেন।
তুরস্কের আন্তালিয়ায় প্রেসিডেন্ট এরদোয়ানের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের দ্বিপক্ষীয় বৈঠক শুরু

0 Comments