ব্রেকিং নিউজ

ব্রেকিং নিউজ

প্রাণিসম্পদ খাতকে আধুনিক ও রপ্তানিমুখী শিল্পে রূপ দেওয়ার ওপর বিশেষ গুরুত্ব দিচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রাণিসম্পদ খাতকে আধুনিক ও রপ্তানিমুখী শিল্পে রূপ দেওয়ার ওপর বিশেষ গুরুত্ব দিচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রাণিসম্পদ খাতকে আধুনিক, বিজ্ঞানভিত্তিক এবং রপ্তানিমুখী শিল্পে রূপ দেওয়ার ওপর বিশেষ গুরুত্বারোপ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামীকাল থেকে শুরু হতে যাওয়া জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৬ উপলক্ষ্যে দেওয়া এক বাণীতে তিনি এই কথা জানান। প্রধানমন্ত্রী উল্লেখ করেন, আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের হালাল মাংস, দুগ্ধজাত পণ্য, পোলট্রি পণ্য এবং চামড়াজাত পণ্য রপ্তানির বিপুল সম্ভাবনা রয়েছে। ইতোমধ্যে বাংলাদেশ প্রথমবারের মতো বাণিজ্যিকভাবে বাচ্চা উৎপাদনক্ষম উর্বর ডিম বা হ্যাচিং এগ রপ্তানি করেছে বলেও তিনি জানান। দেশের অর্থনীতি, পুষ্টি নিরাপত্তা এবং গ্রামীণ কর্মসংস্থানের অন্যতম প্রধান চালিকাশক্তি হিসেবে প্রাণিসম্পদ খাতের ভূমিকা রয়েছে বলে বাণীতে উল্লেখ করেন প্রধানমন্ত্রী। দুধ, মাংস ও ডিমের জোগান দেওয়ার পাশাপাশি কৃষিভিত্তিক অর্থনীতিকে শক্তিশালী করা, দারিদ্র্য বিমোচন, নারীর ক্ষমতায়ন, নতুন উদ্যোক্তা সৃষ্টি এবং গ্রামীণ জনগোষ্ঠীর আয় বৃদ্ধিতে এই খাতের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে তিনি মন্তব্য করেন। প্রধানমন্ত্রী বলেন, আধুনিক প্রযুক্তির ব্যবহার, উন্নত জাতের পশু-পাখি পালন, রোগ নিয়ন্ত্রণ, মানসম্মত খাদ্য এবং সুষ্ঠু ব্যবস্থাপনার মাধ্যমে প্রাণিসম্পদ খাতের উৎপাদনশীলতা ও অর্থনৈতিক সম্ভাবনা আরও বৃদ্ধি করা সম্ভব। আধুনিক খামার ব্যবস্থাপনা, টিকা উৎপাদন, খামারিদের প্রশিক্ষণ, গবেষণা এবং উৎপাদন বাড়ানোর উদ্যোগগুলো যথাযথভাবে বাস্তবায়ন করা গেলে এ খাতে দেশ আরও বেশি স্বনির্ভর হয়ে উঠবে বলে তিনি আশা প্রকাশ করেন। স্বল্পমেয়াদে চামড়াজাত পণ্য, পশুজাত উপজাত ও অনুমোদিত প্রক্রিয়াজাত পণ্য রপ্তানি বাড়ানোর সুযোগ রয়েছে উল্লেখ করে তিনি বলেন, দীর্ঘমেয়াদে আন্তর্জাতিক মানসম্পন্ন হালাল মাংস, দুগ্ধজাত পণ্য ও পোলট্রি পণ্য রপ্তানি অত্যন্ত সম্ভাবনাময়। বর্তমান সরকার প্রাণিসম্পদ খাতকে আধুনিক, বিজ্ঞানভিত্তিক, উৎপাদনমুখী ও স্বয়ংসম্পূর্ণ করার ওপর সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে বলে তিনি জানান। আগামী ২৬ থেকে ২৮ ডিসেম্বর পর্যন্ত জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৬ পালিত হবে। এবারের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে রপ্তানিমুখী প্রাণিসম্পদে গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ। এই উপলক্ষ্যে একটি বিশেষ স্মরণিকা প্রকাশের উদ্যোগকে স্বাগত জানিয়ে প্রধানমন্ত্রী খামারি, উদ্যোক্তা, গবেষক, শিক্ষক এবং সংশ্লিষ্ট সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান এবং অনুষ্ঠানটির সার্বিক সাফল্য কামনা করেন।

সংক্ষেপে:
প্রাণিসম্পদ খাতকে আধুনিক ও রপ্তানিমুখী শিল্পে রূপ দেওয়ার ওপর গুরুত্ব দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষ্যে দেওয়া বাণীতে এ কথা জানান তিনি।
প্রাণিসম্পদ খাতকে আধুনিক ও রপ্তানিমুখী শিল্পে রূপ দেওয়ার ওপর বিশেষ গুরুত্ব দিচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

0 Comments