ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসন-২৩ এর সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টি পদত্যাগ করায় আসনটি শূন্য ঘোষণা করে গেজেট প্রকাশ করা হয়েছে। বৃহস্পতিবার (১ অক্টোবর) জাতীয় সংসদ সচিবালয়ের লেজিসলেটিভ সাপোর্ট উইংয়ের আইন প্রণয়ন শাখা-২ থেকে এই গেজেট প্রকাশ করা হয়। জাতীয় সংসদ সচিব ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভূঁইয়ার স্বাক্ষরিত গেজেটে উল্লেখ করা হয়, ফেরদৌসী আহমেদ মিষ্টি ১ অক্টোবর পদত্যাগ করায় সংবিধানের ৬৭(২) অনুচ্ছেদ অনুযায়ী একই তারিখে ত্রয়োদশ জাতীয় সংসদের ৩২৩ নম্বর মহিলা আসন-২৩ শূন্য হয়েছে। এর আগে একই দিন সংসদ সচিবালয়ের পক্ষ থেকেও আসনটি শূন্য ঘোষণার বিষয়ে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়। বৃহস্পতিবার সংরক্ষিত নারী আসনের এই সংসদ সদস্যকে পদত্যাগের নির্দেশ দেওয়ার বিষয়টি প্রকাশ্যে আসে। এরপর দুপুরে তিনি জাতীয় সংসদে উপস্থিত হয়ে স্পিকার হাফিজ উদ্দিন আহমদের কাছে নিজের পদত্যাগপত্র জমা দেন। রাজধানীর মিরপুরের রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় তার সংশ্লিষ্টতা রয়েছে বলে অভিযোগ ওঠার পরপরই পদত্যাগের এই বিষয়টি আলোচনায় আসে। গত ২৪ সেপ্টেম্বর দিবাগত রাতে ওই স্বাস্থ্যকেন্দ্রে হামলা ও ভাঙচুরের পর পুরো স্থাপনাটি গুঁড়িয়ে দেওয়া হয়। এই ঘটনায় স্থানীয় বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত কতিপয় ব্যক্তির সম্পৃক্ততার অভিযোগও উঠেছিল। এর আগে গত বুধবার (৩০ সেপ্টেম্বর) স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ গণমাধ্যমকে জানিয়েছিলেন, স্বাস্থ্যকেন্দ্রে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টির জড়িত থাকার অভিযোগটি তদন্তাধীন রয়েছে। তদন্তে সংশ্লিষ্টতার প্রমাণ মিললে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের কথা জানান তিনি। তবে সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টি তার বিরুদ্ধে ওঠা হামলা ও ভাঙচুরের অভিযোগ শুরু থেকেই অস্বীকার করে আসছেন। এসব ঘটনার মাঝেই বৃহস্পতিবার তাকে পদত্যাগের নির্দেশ দেওয়ার বিষয়টি সামনে আসে এবং একই দিনে তিনি তার পদ থেকে সরে দাঁড়ান।
স্বাস্থ্যকেন্দ্রে হামলা ও ভাঙচুরের ঘটনায় অভিযোগ ওঠার পর পদত্যাগ করেছেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টি। তার পদত্যাগের পর আসনটি শূন্য ঘোষণা করে গেজেট প্রকাশ করেছে সংসদ সচিবালয়।


0 Comments