ব্রেকিং নিউজ

ব্রেকিং নিউজ

বাংলাদেশ ও চীনের দ্বিপক্ষীয় বাণিজ্য ছাড়াল ১২ বিলিয়ন ডলার

বাংলাদেশ ও চীনের দ্বিপক্ষীয় বাণিজ্য ছাড়াল ১২ বিলিয়ন ডলার

চলতি বছরের প্রথমার্ধে বাংলাদেশ ও চীনের মধ্যকার দ্বিপক্ষীয় বাণিজ্যের পরিমাণ রেকর্ড ১২ দশমিক ৮ বিলিয়ন মার্কিন ডলারে উন্নীত হয়েছে। যা গত বছরের একই সময়ের তুলনায় ১০ দশমিক ৬ শতাংশ বেশি। ঢাকায় নিযুক্ত চীনা দূতাবাস গণপ্রজাতন্ত্রী চীন প্রতিষ্ঠার ৭৭তম বার্ষিকী উপলক্ষে প্রকাশিত এক বিবৃতিতে এই তথ্য প্রকাশ করে। বিবৃতিতে বাণিজ্য, বিনিয়োগ, অবকাঠামো উন্নয়ন এবং স্বাস্থ্যসেবাসহ বিভিন্ন খাতের পারস্পরিক সহযোগিতার চিত্র তুলে ধরা হয়। চীনা দূতাবাসের তথ্য অনুযায়ী, ২০১০ থেকে ২০২৫ সাল পর্যন্ত টানা ১৬ বছর ধরে বাংলাদেশের শীর্ষ বাণিজ্যিক অংশীদার হিসেবে নিজেদের অবস্থান বজায় রেখেছে চীন। ইতোমধ্যে বাংলাদেশের তাজা আম ও কাঁঠালের মতো কৃষিপণ্য চীনা বাজারে প্রবেশ করেছে এবং পেয়ারা ও সুগন্ধি চালের বাজারজাতকরণের প্রক্রিয়াও চলমান রয়েছে। এছাড়া দুই দেশের যৌথ কর্মপরিকল্পনা বাণিজ্যের কাঠামো উন্নত করতে কাজ করছে। বিনিয়োগের ক্ষেত্রে জানা যায়, ২০২৬ সালের জুন পর্যন্ত বাংলাদেশে চীনের মোট পুঞ্জীভূত বিনিয়োগ প্রায় ৩ দশমিক ৬ বিলিয়ন ডলারে পৌঁছেছে। ২০২৫ সালে সরাসরি বিনিয়োগ প্রায় ৫০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর চীনা মালিকানাধীন পাঁচটি প্রতিষ্ঠান একশ মিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ করেছে, যার মাধ্যমে প্রায় ২০ হাজার কর্মসংস্থান তৈরি হয়েছে। এছাড়া চলতি বছরের জুলাইয়ে চট্টগ্রামে চালু হওয়া চীন অর্থনৈতিক ও শিল্প অঞ্চলে বস্ত্র, যন্ত্রপাতি, ইলেকট্রনিক্স ও তথ্যপ্রযুক্তি, বায়োমেডিসিন এবং সবুজ জ্বালানি খাতে ৫০০ মিলিয়ন ডলারের বিনিয়োগ আগ্রহ তৈরি হয়েছে। অবকাঠামো ও জ্বালানি খাতের প্রসঙ্গে চীনা কোম্পানিগুলোর নির্মিত পদ্মা সেতুর মাধ্যমে ঢাকার সঙ্গে ২১টি জেলার যোগাযোগ সহজ হওয়ার বিষয়টি উল্লেখ করা হয়। এই সেতু জিডিপি প্রবৃদ্ধিতে ১ দশমিক ২৩ শতাংশীয় পয়েন্ট অবদান এবং দারিদ্র্য ০ দশমিক ৮৪ শতাংশ কমাতে সাহায্য করবে বলে ধারণা করা হচ্ছে। পাশাপাশি, সৌর, বায়ু ও কয়লাভিত্তিক বিদ্যুৎ প্রকল্পে এক হাজার মেগাওয়াটের বেশি উৎপাদন ক্ষমতা অর্জিত হয়েছে। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে বার্ন ইউনিট স্থাপন, বাংলাদেশ-চীন মৈত্রী সেতু-৬ এর সংস্কার এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে নারীদের আবাসিক হলসহ বিভিন্ন প্রকল্পের কাজ এগিয়ে চলছে। স্বাস্থ্য ও মানবিক খাতে গত কয়েক বছরে বাংলাদেশকে চার মিলিয়নের বেশি ডলারের সহায়তা প্রদান করেছে চীন। যার মধ্যে চিকিৎসাসামগ্রী, ভেন্টিলেটর এবং বন্যা-ত্রাণ সামগ্রী অন্তর্ভুক্ত রয়েছে।

সংক্ষেপে:
চলতি বছরের প্রথমার্ধে বাংলাদেশ ও চীনের দ্বিপক্ষীয় বাণিজ্য ১২ দশমিক ৮ বিলিয়ন ডলারে পৌঁছেছে। বিনিয়োগ ও অবকাঠামো উন্নয়নের নানা তথ্য জানিয়েছে চীনা দূতাবাস।
বাংলাদেশ ও চীনের দ্বিপক্ষীয় বাণিজ্য ছাড়াল ১২ বিলিয়ন ডলার

0 Comments