আসন্ন ৩৯তম টোকিও আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে মর্যাদাপূর্ণ আকিরা কুরোসাওয়া পুরস্কারে ভূষিত হতে যাচ্ছেন জাপানি নির্মাতা ও মিপো এবং ইরানি চলচ্চিত্রকার মোহাম্মদ রাসুলফ। চলতি অক্টোবরের শেষ সপ্তাহে উৎসবের এই আসর অনুষ্ঠিত হবে। এবারের পুরস্কারের জন্য বিজয়ীদের নির্বাচন করেছেন নির্মাতা ইয়ামাদা ইয়োজি ও লি সাং-ইল, চিত্রগ্রাহক আশিজাওয়া আকিকো এবং উৎসবের প্রোগ্রামিং ডিরেক্টর ইচিয়ামা শোজো। ওসাকা ইউনিভার্সিটি অব আর্টস থেকে পড়াশোনা শেষ করে চলচ্চিত্রে পা রাখা ও মিপো ২০০৬ সালে দি সাকাইস হ্যাপিনেস চলচ্চিত্রের মাধ্যমে পূর্ণদৈর্ঘ্য পরিচালনায় আত্মপ্রকাশ করেন। তাঁর ২০১৪ সালের চলচ্চিত্র দি লাইট শাইনশ অনলি দেয়ার মন্ট্রিলে সেরা পরিচালকের পুরস্কারসহ আন্তর্জাতিক অঙ্গনে মোট ৬০টি পুরস্কার অর্জন করে। নির্বাচক কমিটির মূল্যায়নে, ও মিপো সমাজের প্রান্তিক মানুষের জীবনকে সরলীকৃত না করে বহুস্তরীয় মানবিক বাস্তবতায় তুলে ধরেছেন। অন্যদিকে, সমাজবিজ্ঞান অধ্যয়নের পর প্রামাণ্যচিত্র নির্মাণের মাধ্যমে ক্যারিয়ার শুরু করা মোহাম্মদ রাসুলফ ২০০০ সালে পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণে আসেন। তাঁর সিনেমায় কর্তৃত্ববাদী বাস্তবতায় মানুষের নৈতিক অবস্থান ও স্বাধীনতার প্রশ্ন বারবার উঠে এসেছে। রাষ্ট্রীয় সেন্সরশিপ, কারাদণ্ড ও নিষেধাজ্ঞার বাধা পেরিয়েও তিনি গেরিলা কায়দায় নির্মাণকাজ চালিয়ে গেছেন। ২০২০ সালে দেয়ার ইজ নো ইভিল ছবির জন্য বার্লিন উৎসবে স্বর্ণ ভালুক জয়ের পর তাঁর কাজ আন্তর্জাতিক মনোযোগ লাভ করে। এরপর ২০২৪ সালে তাঁর নির্মিত দি সিড অব দি স্যাকরেড ফিগ কান উৎসবে বিশেষ জুরি পুরস্কার পাওয়ার পাশাপাশি একাডেমি অ্যাওয়ার্ডের মনোনয়ন পায়। নির্বাচক কমিটির মতে, রাষ্ট্রীয় নিপীড়নের মুখে মানবাধিকারের সংকট নিয়ে রাসুলফ গভীরতর চলচ্চিত্র নির্মাণ অব্যাহত রেখেছেন। সম্মাননা প্রাপ্তির প্রতিক্রিয়ায় ও মিপো একে পরিচালনার ২০তম বছরের বিনম্র প্রাপ্তি হিসেবে উল্লেখ করে সহকর্মী, দর্শক ও পরিবারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। অন্যদিকে মোহাম্মদ রাসুলফ কুরোসাওয়া পুরস্কারকে বিরাট সম্মান হিসেবে অভিহিত করে জানান যে কুরোসাওয়ার চলচ্চিত্রগুলো মানব অস্তিত্ব ও নৈতিক সংকটের গভীর অনুসন্ধান। মূল সম্মাননার পাশাপাশি উৎসবে কুরোসাওয়ার ফোর কে রেস্টোরেশন করা সানশিরো সুগাতা ও ইকিরু ছবির পাশাপাশি চার্লি চ্যাপলিনের দ্য সার্কাস এবং আব্বাস কিয়ারোস্তামির হয়ার ইজ দ্য ফ্রেন্ডস হাউস প্রদর্শিত হবে।
টোকিও আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে আকিরা কুরোসাওয়া পুরস্কার পাচ্ছেন জাপানি নির্মাতা ও মিপো এবং ইরানি চলচ্চিত্রকার মোহাম্মদ রাসুলফ।


0 Comments