ইয়েমেনের হুতি গোষ্ঠীর পক্ষ থেকে সৌদি আরবে চালানো হামলার তীব্র নিন্দা প্রকাশ করেছে পাকিস্তান ও মিশর। একই সঙ্গে সৌদি আরবের নিরাপত্তা, ভৌগোলিক অখণ্ডতা এবং সার্বভৌমত্ব রক্ষায় দেশটির সঙ্গে সংহতি প্রকাশ করেছে উভয় দেশ। রোববার পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার এবং মিশরের পররাষ্ট্রমন্ত্রী বদর আবদেলাত্তির মধ্যকার ফোনালাপে এই অবস্থান পুনর্ব্যক্ত করা হয় বলে জানিয়েছে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়। ফোনালাপে দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী বর্তমান আঞ্চলিক পরিস্থিতি নিয়ে বিস্তারিত মতবিনিময় করেন। এ সময় পাকিস্তান, মিশর, তুরস্ক ও সৌদি আরবকে নিয়ে গঠিত 'আর-৪' কাঠামোর মাধ্যমে পারস্পরিক সহযোগিতা আরও সুদৃঢ় করার বিষয়ে আলোচনা হয়। আঞ্চলিক বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলায় কাজের সমন্বয় বাড়াতে তারা পরবর্তী বৈঠকের অপেক্ষায় রয়েছেন বলে জানান। এদিকে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার পৃথক ফোনালাপে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচির সঙ্গেও কথা বলেছেন। ওই ফোনালাপে দুই দেশের মন্ত্রী আঞ্চলিক পরিস্থিতি এবং বাগদাদে চলমান ইসলামি সহযোগিতা সংস্থার (ওআইসি) পররাষ্ট্রমন্ত্রী পরিষদের বৈঠক নিয়ে আলোচনা করেন। সংকট নিরসনে সামরিক পদক্ষেপের বদলে সংলাপ ও কূটনীতির ওপর বিশেষ গুরুত্ব দেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। এছাড়া আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রাখতে উভয় পক্ষই নিয়মিত যোগাযোগ অব্যাহত রাখার ব্যাপারে ঐকমত্যে পৌঁছেছেন।
সৌদি আরবে হুতি গোষ্ঠীর হামলার নিন্দা জানিয়ে দেশটির নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষায় পাশে থাকার ঘোষণা দিয়েছে পাকিস্তান ও মিশর।


0 Comments