তুরাগ নদ থেকে তাহসিফের মরদেহ উদ্ধারের ঘটনায় তাঁর বাবার দায়ের করা হত্যা মামলায় জুনিয়র বন্ধু শাহরিয়ার রেজা দীপকে গ্রেপ্তার দেখানো হয়েছে। শনিবার, ৩১ অক্টোবর তাকে আদালতে পাঠানোর প্রস্তুতি গ্রহণের পাশাপাশি জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করার কথা জানিয়েছে নৌ পুলিশ। নৌ পুলিশের তুরাগ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা এএসআই মোস্তাফিজ জানান, উত্তরখান থানায় তাহসিফের বাবা কে এম এনায়েতুল করিম হেলালের করা মামলায় দ্বীপকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে হাজির করা হচ্ছে। এর আগে শনিবার সকালে অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের আসামি করে হত্যা মামলা দায়ের করেন নিহতের বাবা। তদন্তসংশ্লিষ্ট সূত্র জানায়, গত ২৭ অক্টোবর সন্ধ্যায় উত্তরার ১৮ নম্বর সেক্টরের বাসা থেকে বের হওয়ার পর নিখোঁজ হন তাহসিফ। পরিবারের ভাষ্য অনুযায়ী, দীপের ডাকে সাড়া দিয়েই তিনি বাসা থেকে বের হয়েছিলেন। ওই দিন সন্ধ্যা সাড়ে ৬টার দিকে রাজউক উত্তরা অ্যাপার্টমেন্ট প্রকল্পের একটি গ্যারেজের সামনে সিসিটিভি ফুটেজে দুজনকে একসঙ্গে দেখা যায় এবং হাত মেলানোর পর তাঁরা আলাদা মোটরসাইকেলে চলে যান। তাহসিফের পরিবারের কাছে দীপ দাবি করেছিলেন, মোটরসাইকেলের সমস্যা নিয়ে তারা একটি ওয়ার্কশপে গিয়েছিলেন এবং খাবার খেয়ে দুজন আলাদা হয়ে যান। তবে ওই রাতের তাদের গতিবিধি ও যোগাযোগের বিষয়টি তদন্তের আওতায় আনা হয়। এর পরদিন ২৮ অক্টোবর বিকেলে টঙ্গীর রাজাবাড়ী ঘাট এলাকায় তুরাগ নদ থেকে তাহসিফের মরদেহ উদ্ধার করে পুলিশ। তাঁর হাতঘড়ি ও পকেটে থাকা আইফোনের সূত্র ধরে পরিচয় শনাক্ত করা হয়। গত ২৯ অক্টোবর ময়নাতদন্ত শেষে উত্তরা ১৮ নম্বর সেক্টরের কেন্দ্রীয় জামে মসজিদে জানাজা সম্পন্ন হয় এবং পরে ১২ নম্বর সেক্টরের কবরস্থানে তাঁকে দাফন করা হয়। তাহসিফের মৃত্যুর ঘটনায় গত বৃহস্পতিবার দিবাগত রাতে মোহাম্মদপুরের বাবর রোডের একটি বাসা থেকে দ্বীপকে হেফাজতে নেয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। পরদিন তাকে নিয়ে টঙ্গীর তুরাগ নদসংলগ্ন মাজার বস্তি এলাকায় যায় পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। তার দেওয়া তথ্যের ভিত্তিতে সেখান থেকে নম্বরপ্লেটবিহীন একটি কালো সুজুকি জিক্সার ১৫০ মোটরসাইকেল উদ্ধার করা হয়। পিবিআইয়ের জিজ্ঞাসাবাদে দীপ দাবি করেন, ঘটনার রাতে তারা দুজন তুরাগ নদসংলগ্ন এলাকায় গিয়েছিলেন এবং সেখানে কয়েকজন তাদের ধাওয়া করলে তাহসিফ নদে ঝাঁপ দেন। তবে ছেলের মৃত্যুর পর থেকেই হত্যার আশঙ্কার কথা জানিয়ে আসছেন তাহসিফের বাবা। তাঁর দাবি, তাহসিফ সাঁতার জানতেন এবং নদে ঝাঁপ দেওয়ার কারণে তাঁর মৃত্যুর ঘটনা ঘটেছে বলে যে বক্তব্য প্রচার করা হচ্ছে, তা নিয়ে সন্দেহ রয়েছে। বর্তমানে বাবার করা হত্যা মামলায় দ্বীপকে গ্রেপ্তার দেখিয়ে পরবর্তী আইনি পদক্ষেপ গ্রহণ করছে পুলিশ।
তুরাগ নদ থেকে তাহসিফের মরদেহ উদ্ধারের ঘটনায় দায়ের করা হত্যা মামলায় তার বন্ধু শাহরিয়ার রেজা দীপকে গ্রেপ্তার দেখানো হয়েছে। আজ শনিবার তাকে আদালতে পাঠিয়ে সাত দিনের রিমান্ড চাইবে পুলিশ।


0 Comments