ব্রেকিং নিউজ

ব্রেকিং নিউজ

ডব্লিউএইচওতে নিয়োগে মিথ্যা তথ্য দেওয়ার অভিযোগে সায়মা ওয়াজেদের বিরুদ্ধে দুদকের চার্জশিট অনুমোদন

ডব্লিউএইচওতে নিয়োগে মিথ্যা তথ্য দেওয়ার অভিযোগে সায়মা ওয়াজেদের বিরুদ্ধে দুদকের চার্জশিট অনুমোদন

বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ-পূর্ব এশিয়ার আঞ্চলিক পরিচালক পদে নিয়োগ পাওয়ার ক্ষেত্রে জীবনবৃত্তান্তে মিথ্যা তথ্য দেওয়ার অভিযোগে সায়মা ওয়াজেদের বিরুদ্ধে চার্জশিট দাখিলের অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন। রোববার এক ব্রিফিংয়ে এই তথ্য নিশ্চিত করেছেন দুদক সচিব মো. সাইদুর রহমান খান। সায়মা ওয়াজেদ ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার কন্যা। দুদকের অভিযোগ অনুযায়ী, বিশ্ব স্বাস্থ্য সংস্থার ওই পদে নিয়োগ পাওয়ার লক্ষ্যে জমা দেওয়া সিভিতে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে অনারারি স্পেশালিস্ট বা এক্সপার্ট হিসেবে কাজের বানোয়াট তথ্য উল্লেখ করেছিলেন সায়মা ওয়াজেদ। পরবর্তীতে এই তথ্য ব্যবহার করেই তিনি সংস্থাটির আঞ্চলিক পরিচালক পদে নিয়োগ লাভ করেন। দুদকের এজাহারে উল্লেখ করা হয়েছে, ২০২৩ সালে ডব্লিউএইচওতে আবেদন করার সময় সায়মা ওয়াজেদ ওই বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা, শিক্ষা ম্যানুয়েল তৈরি বা পর্যালোচনাসংক্রান্ত কাজে অংশ নেওয়ার অভিজ্ঞতা থাকার ভুয়া দাবি করেছিলেন। তবে তিনি প্রকৃতপক্ষে এসব কার্যক্রমে যুক্ত ছিলেন না বলে জানিয়েছে দুদক। এজাহারে আরও বলা হয়, ২০১৭ সালে স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের মাধ্যমে অটিজম ও স্নায়ুবিকাশজনিত সমস্যাবিষয়ক জাতীয় উপদেষ্টা কমিটির চেয়ারপারসন নিযুক্ত হন সায়মা ওয়াজেদ। সেই দায়িত্ব পালনের সময় তিনি সিভিতে নিজের অভিজ্ঞতা সম্পর্কে এই অসত্য তথ্যগুলো যুক্ত করেন। দুদকের তদন্তে বলা হয়েছে, ক্ষমতার অপব্যবহার করে এবং মিথ্যা তথ্য প্রদানের মাধ্যমে তিনি ডব্লিউএইচওর আঞ্চলিক পরিচালক পদে আসীন হন। সিভিতে বর্ণিত তথ্যের ভিত্তিতে নিয়োগপ্রক্রিয়া দ্রুত সম্পন্ন করতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে প্রভাব খাটানো হয়েছিল। পরবর্তীতে বাংলাদেশের স্থায়ী মিশন, জাতিসংঘের কার্যালয় ও আন্তর্জাতিক সংস্থাসমূহের মাধ্যমে সুইজারল্যান্ডের জেনেভায় বিশ্ব স্বাস্থ্য সংস্থার সদর দপ্তরে এই তথ্যগুলো পাঠানো হয় এবং এর মাধ্যমেই তিনি ওই পদে নিয়োগ পান বলে দুদকের অভিযোগে বলা হয়েছে। দুদকের ভাষ্যমতে, মিথ্যা তথ্য উপস্থাপন ও ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে রাষ্ট্রের মর্যাদা ক্ষুণ্ন করেছেন সায়মা ওয়াজেদ। এই ঘটনায় তার বিরুদ্ধে দণ্ডবিধির ৪২০, ৪৬৮ ও ৪৭১ ধারা এবং দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭-এর ৫(২) ধারায় অপরাধের অভিযোগ আনা হয়েছে। এর আগে গত ২০২৫ সালের ২০ মার্চ মিথ্যা তথ্য দিয়ে চাকুরি গ্রহণ এবং সূচনা ফাউন্ডেশনের নামে চাপ প্রয়োগ করে বিভিন্ন ব্যাংক থেকে অর্থ আদায়ের অভিযোগে সায়মা ওয়াজেদের বিরুদ্ধে দুটি পৃথক মামলা দায়ের করেছিল দুদক।

সংক্ষেপে:
বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালক পদে নিয়োগ পেতে সিভিতে মিথ্যা তথ্য দেওয়ার অভিযোগে সায়মা ওয়াজেদের বিরুদ্ধে চার্জশিট অনুমোদন করেছে দুদক।
ডব্লিউএইচওতে নিয়োগে মিথ্যা তথ্য দেওয়ার অভিযোগে সায়মা ওয়াজেদের বিরুদ্ধে দুদকের চার্জশিট অনুমোদন

0 Comments