দেশের সব নাগরিকের শান্তি, সম্প্রীতি এবং বৈষম্যহীন জীবনযাত্রা নিশ্চিত করতে বর্তমান প্রশাসন নিরলসভাবে কাজ করে যাচ্ছে বলে মন্তব্য করেছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী সাচিং প্রু। বুধবার ঢাকায় বাংলাদেশ সচিবালয়ে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের কার্যালয়ে মন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে আসেন বাংলাদেশে নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত জাঁ-মার্ক সেরে-শার্লে। সাক্ষাতের সময় পার্বত্য অঞ্চলের সার্বিক অগ্রগতিতে ফ্রান্সের সহায়তা ভবিষ্যতে আরও সুদৃঢ় হবে বলে আশা প্রকাশ করেন মন্ত্রী সাচিং প্রু। অর্থনীতির চাকাকে গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করে তিনি জানান, পাহাড়ি এলাকার পরিবেশ সংরক্ষণ, কৃষি ব্যবস্থার উন্নয়ন, ইকো-ট্যুরিজম, শিক্ষা, স্বাস্থ্য এবং কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে জনগোষ্ঠীর জীবনমান উন্নত করতে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে। শিক্ষা খাতের প্রসারে মাল্টিমিডিয়া প্রযুক্তির ব্যবহার বাড়ানোর পাশাপাশি কফি ও কাজুবাদাম চাষের মাধ্যমে কৃষিতে বৈপ্লবিক পরিবর্তনের চেষ্টা চলছে বলেও উল্লেখ করেন তিনি। বৈঠকে পরিবেশবান্ধব পর্যটন, শৃঙ্খলা বজায় রাখা, সুষম উন্নয়ন, জলবায়ু পরিবর্তন মোকাবিলা, নারীর ক্ষমতায়ন, সুপেয় পানি নিশ্চিতকরণ এবং মানবাধিকার রক্ষায় বাংলাদেশ ও ফ্রান্স যৌথভাবে কাজ করার বিষয়ে সম্মত হয়েছে। দ্বিপক্ষীয় এই বৈঠকে ফ্রান্সের প্রতিনিধিদলের সদস্য ও গভর্ন্যান্স অ্যান্ড হিউম্যানিটেরিয়ান অ্যাটাচে এমিলি পালাহুন এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রীর একান্ত সচিব ও উপসচিব মোহাম্মদ রাশেদুল হক উপস্থিত ছিলেন।
পার্বত্য চট্টগ্রামের উন্নয়নে ফ্রান্সের সহযোগিতা অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী সাচিং প্রু।


0 Comments