গান, ছড়াপাঠ ও অশ্রুভেজা স্মৃতিচারণার মধ্য দিয়ে প্রয়াত শিশুসাহিত্যিক, গীতিকার, সাংবাদিক ও শিশু সংগঠক আখতার হুসেনকে স্মরণ করেছে খেলাঘর আসরের প্রবীণ ও নবীনেরা। গত শুক্রবার বিকেলে রাজধানীর মোহাম্মদপুরের ইকবাল রোডের খেলাঘর কার্যালয়ে এই শোকসভার আয়োজন করা হয়। গত ২৪ সেপ্টেম্বর ৮১ বছর বয়সে আখতার হুসেন মারা যান। শোকসভার শুরুতে মরহুমের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। পরে মারুফ হোসেনের নেতৃত্বে রবীন্দ্রসংগীত ‘তুমি রবে নীরবে হৃদয়ে মম’ এবং খেলাঘরের দলীয় সংগীত ‘আমরা তো সৈনিক শান্তির সৈনিক, অক্ষয় উজ্জ্বল সূর্য’ পরিবেশন করা হয়। খেলাঘরের ভারপ্রাপ্ত চেয়ারম্যান কাজী মোজাম্মেল হকের সভাপতিত্বে এবং কেন্দ্রীয় সম্পাদক ফারুক মহসীনের সঞ্চালনায় শোকসভায় সংগঠনের দীর্ঘদিনের সতীর্থ ও প্রবীণ নেতারা বক্তব্য দেন। স্মৃতিচারণা করতে গিয়ে অনেকেই আবেগাপ্লুত হয়ে পড়েন এবং অশ্রু সংবরণ করতে পারেননি। আলোচনায় আখতার হুসেনের সাহিত্যকর্ম, আদর্শ, সাংগঠনিক দক্ষতা ও নানা অজানা দিক তুলে ধরা হয়। খেলাঘরের সাবেক সাধারণ সম্পাদক জানান, আখতার হুসেন গোপনে অনেক দরিদ্র পরিবারের শিক্ষার্থীর পড়াশোনার জন্য আর্থিক সহায়তা করতেন। এমনকি বাংলা একাডেমির পুরস্কারের অর্থও তিনি নারায়ণগঞ্জের এক দরিদ্র পরিবারের কন্যাশিশুর পড়াশোনার জন্য ব্যয় করেছিলেন। সাবেক সাধারণ সম্পাদক তাহমিনা সুলতান তাঁর লেখা গান সংগ্রহ করে স্বরলিপিসহ সংরক্ষণ ও ব্যাপক প্রসারের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন। বীর মুক্তিযোদ্ধা ও খেলাঘর সভাপতিমণ্ডলীর সদস্য আলী ইদ্রিস বলেন, দেশের অন্যতম প্রধান শিশু-কিশোর সংগঠনে পরিণত হওয়ার পেছনে যাঁদের অক্লান্ত পরিশ্রম ছিল, আখতার হুসেন তাঁদের অন্যতম। বীর মুক্তিযোদ্ধা ও সাবেক সাধারণ সম্পাদক আবদুল আজিজ জানান, খেলাঘরের বর্তমান দ্বিধাবিভক্ত অবস্থায় আখতার হুসেন খুব কষ্ট পেতেন এবং সংগঠনটিকে নতুন করে জাগিয়ে তোলার কথা ভাবতেন। সভাপতিমণ্ডলীর সদস্য বীর মুক্তিযোদ্ধা আয়াত আলী বলেন, কর্মীদের প্রতি আখতার হুসেনের গভীর ভালোবাসা ছিল এবং তিনি অনেক কর্মীর বাড়িতে গিয়ে খোঁজখবর নিতেন। সুরকার সেলিম রেজা তাঁর সঙ্গে সম্পর্কের স্মৃতিচারণা করে বলেন, খেলাঘরের কর্মীদের পাশাপাশি তাদের পরিবার ও মা-বাবাদের সঙ্গেও তিনি আন্তরিক সম্পর্ক গড়ে তুলেছিলেন। আলোচনায় আরও অংশ নেন সভাপতিমণ্ডলীর সদস্য আবু সাঈদ, সাধারণ সম্পাদক রেজাউল কবির, রথীন চক্রবর্তী ও সদস্য প্রকৌশলী শ্যামল বিশ্বাস। জীবনী পাঠ করেন তৌহিদ রিপন। এ ছাড়া অনুষ্ঠানে গান ও ছড়া পরিবেশন করেন মারুফ হোসেন ও শাহিন আক্তার।
রাজধানীর মোহাম্মদপুরে খেলাঘর কার্যালয়ে গান, ছড়াপাঠ ও স্মৃতিচারণার মাধ্যমে প্রয়াত শিশুসাহিত্যিক ও সংগঠক আখতার হুসেনকে স্মরণ করা হয়েছে।


0 Comments